শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৬তম সভায় দেশের বিভিন্ন অবকাঠামো, সড়ক, বন্দর, বিশ্ববিদ্যালয়, পানি ও বর্জ্য ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি বরাদ্দ ও অধিগ্রহণের একাধিক প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। সভায় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির পূর্বানুমোদনের জন্য উপস্থাপিত পাঁচটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার ধোপাতিতা মৌজায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলার অপারেশনাল কার্যক্রম পরিচালনায় পন্টুন ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের জন্য ১. ৪৪ একর জমি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সড়ক সম্প্রসারণ প্রকল্পের জন্য মাদারবাড়ী মৌজায় ০.১৮১ একর জমি, গাজীপুর সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বাস-ট্রাক টার্মিনাল নির্মাণে ১৩.৩৩ একর, গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন সংযোগ সড়ক প্রশস্তকরণ, নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পে ৫.৬৮৮১ একর এবং চট্টগ্রাম ওয়াসার কালুরঘাট এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণ প্রকল্পের জন্য ৭৪.১১ একর জমি।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এসব অনুমোদনের মাধ্যমে দেশের যোগাযোগ, শিক্ষা, বন্দর, নগর ব্যবস্থাপনা এবং জনসেবামূলক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরো গতিশীল হবে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, স্বচ্ছতার সঙ্গে ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা এবং জনগণের যেন কোনো অসন্তোষ না থাকে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ যেন ঠিক থাকে। কৃষি জমির যেন ক্ষতি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন মন্ত্রী।


এই বিভাগের আরো খবর