রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

এজবাস্টনে ভারতের প্রথম জয়ে সিরিজে সমতা

স্পোর্টস ডেস্ক :
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫

২০২১ সালে গ্যাবার দুর্গের পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শুবমান গিল, মোহাম্মদ সিরাজ ও ঋষাভ পান্ত। এবার এজবাস্টনে প্রথম জয়ের চিত্রনাট্য রচনা করলেন তারা, তাতে অসামান্য অবদান রয়েছে আকাশ দীপের। চতুর্থ ইনিংসে ব্যাটারদের স্বর্গে এই পেসার চমৎকার বোলিংয়ে টেস্টে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন।

আর অধিনায়ক হিসেবে গিল তার দ্বিতীয় টেস্টেই ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়লেন। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ১৬১ রান। পান্ত মোমেন্টাম পাল্টে দেওয়া ফিফটি করেন। জাদেজার দুটি হাফ সেঞ্চুরি। সিরাজ প্রথম ইনিংসে ছয় উইকেট নেন। ম্যাচে দশ উইকেট শিকার করেন আকাশ। শেষ দিকে এক ঘণ্টারও বেশি সময় বৃষ্টিতে ভেস্তে যায়। তবে এক সেশনেরও বেশি সময় আগে ঠিকই ভারত তাদের প্রয়োজনীয় সাত উইকেট নেয়। তাতে হেডিংলির হারের দুঃখ ঘুচিয়ে দিলো এজবাস্টনে বিশাল জয়। সিরিজেও সমতা ফেরালো ১-১ এ।

GILL-edgbastonস্মারক হিসেবে স্টাম্প নিলেন গিল

ইংল্যান্ডকে ৬০৮ রানের টার্গেট দিয়ে ভারত ২৭১ রানে স্বাগতিকদের অলআউট করেছে। তাতে বিদেশের মাটিতে রেকর্ড ৩৩৬ রানের জয় পেয়েছে তারা। ১৯ বারের চেষ্টায় এজবাস্টনে সফল হলো ভারত। আর ২৫ বছর ও ৩০১ দিন বয়সী গিল সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশে টেস্ট জিতলেন। আগের রেকর্ডটি ছিল সুনীল গাভাস্কারের। ১৯৭৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডকে হারায় ২৬ বছর ও ২০২ দিন বয়সী গাভাস্কারের ভারত।

৩ উইকেটে ৭২ রানে শেষ দিন মাঠে নেমেছিল ইংল্যান্ড। আর ১১ রান করতেই অপরাজিত দুই ব্যাটার হ্যারি ব্রুক (২৩) ও অলি পোপ (২৪) আকাশের টানা দুই ওভারে মাঠ ছাড়েন।

তারপর বেন স্টোকস ও জেমি স্মিথের প্রতিরোধ। তাদের ৭০ রানের জুটি ভাঙে স্টোকসের (৩৩) বিদায়ে। ভারতের আগুন বোলিংয়ের সামনে বুক চিতিয়ে লড়াই করে হাফ সেঞ্চুরি করেন স্মিথ। তিনি ইনিংস সেরা ৮৮ রানে আকাশের পঞ্চম শিকার হন। শোয়েব বশিরের সঙ্গে ব্রাইডন কার্স শেষ উইকেটে ২৫ রান তুলে থামেন। কার্সকে (৩৮) গিলের ক্যাচ বানিয়ে জয় নিশ্চিত করেন আকাশ।

২৬৯ ও ১৬১ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন গিল।

প্রথম ইনিংসে ভারত ৫৮৭ রান করার পর ইংল্যান্ডকে ৪০৭ রানে অলআউট করে। দ্বিতীয় ইনিংসে তারা ৬ উইকেটে ৪২৭ রান করে ইংলিশদের বিশাল লক্ষ্য দেয়।


এই বিভাগের আরো খবর