সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি : বাণিজ্য মন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপ ব্যতীত অন্যান্য দেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে। আজ সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এস, এম, জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য মন্ত্রী জানান, ২০২৪-২০২৫ অর্থবছরের আমদানি ও রপ্তানির তথ্যানুযায়ী সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।

গত ২০২৪-২০২৫ অর্থবছরে সার্কভুক্ত দেশসমূহের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান তুলে ধরে তিনি জানান, আফগানিস্তানে রপ্তানি করা হয়েছে ১১ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য এবং আমদানি করা হয়েছে ২১ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, বাণিজ্য ঘাটতি ১০ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার।

ভুটানে থেকে রপ্তানি করা হয়েছে ১৪ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি করা হয়েছে ৪৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, ঘাটতি ২৯ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার।

ভারতে রপ্তানি করা হয়েছে ১ হাজার ৭৬৪ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর বিপরীতে আমদানি করা হয়েছে ৯ হাজার ৬২৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, ঘাটতি রয়েছে ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।

নেপালে রপ্তানি করা হয়েছে ৩৫ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

পাকিস্তানে রপ্তানি হয়েছে ৭৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৭৫৫ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, ঘাটতি রয়েছে ৬৮১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার।

শ্রীলংকায় রপ্তানি হয়েছে ৮২ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৭৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

মালদ্বীপে রপ্তানি হয়েছে ৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।


এই বিভাগের আরো খবর