জামায়াতের আমির প্রথমে শহরের শাহ মোস্তফা রোডস্থ দেওয়ান মঞ্জিলে মরহুম সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। মরহুমের ১০ সন্তানের ৯ জন প্রবাসী। বাবার মৃত্যুতে তিন ছেলে ও দুই মেয়ে দেশে এসেছেন। মরহুমের বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান, দেওয়ান কামরুজ্জামান শিবলী , দেওয়ান মাশকুরুজ্জামান, দেওয়ান মুয়াজ উজ্জামানসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন সাক্ষাৎ শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের গ্রামের বাড়ি সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে যান। সেখানে মরহুমের কবর জিয়ারত করে উপস্থিত শত শত মানুষদের নিয়ে আন্দোলনের দীর্ঘদিনের সাথী মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের সংগ্রামী জীবনের স্মৃতি স্মরণ করে কান্নাজড়িত কন্ঠে মোনাজাত পরিচালনা করেন। জামায়াতের আমির এলাকার মানুষদের সঙ্গে সালাম বিনিময় করে সকলের নিকট দোয়া চেয়ে বিদায় নেন। শেষে আপনজনদের সাথে দেখা করে সমবেদনা জানান।