সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ইরানে হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্প এ বিষয়ে খুব একটা আগ্রহী নন। তিনি বরং ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে চান। রবিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার দুই নেতার মধ্যে ফোনে কথা হয়েছে। এতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার অগ্রগতি এবং সামরিক অভিযান কত দ্রুত আবার শুরু করা হতে পারে, তা নিয়ে আলোচনা হয়। ইসরায়েলি সূত্র ফোনালাপটিকে কঠিন বলে বর্ণনা করেছে। অন্যদিকে মার্কিন সূত্রের ভাষায়, আলোচনা ছিল সরাসরি।

ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনের পর বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার সম্ভাবনার প্রস্তুতিও নিচ্ছে যুক্তরাষ্ট্র।

শনিবার ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবনে হ্যালোইন অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এখনই হামলা শুরু করার তেমন তাড়া নেই। ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তিনি বলেন, তারা একটি চুক্তি করতে চায়। তারা চুক্তি করে কি না, তা আমরা দেখব।

তবে ট্রাম্প এও বলেন, ইরানের এক বা দুটি পারমাণবিক স্থাপনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে এখনও ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনের কথাও উল্লেখ করেন তিনি। মার্কিন সামরিক বাহিনী চাইলে ১০ মিনিটের মধ্যে সেখানে অভিযান চালাতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ইরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগের অংশ হিসেবে গত সপ্তাহে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়িকে চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার রেজায়ি চিঠিটি পাওয়ার এবং পড়ার কথা স্বীকার করেন। তবে এখনও এর জবাব দেননি বলে জানান তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে রেজায়ি বলেন, আমি চিঠিটি পড়েছি। এখনও জবাব দিইনি। তাদের বক্তব্যের ধরন পুরোপুরি বদলে গেছে। সূত্র: উইয়ন নিউজ


এই বিভাগের আরো খবর