সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

হিনা ক্যানসারে আক্রান্ত জানার পরই ১৫ মিনিটে বিয়ে করেন প্রেমিক

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

স্তন ক্যানসারে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী হিনা খান। চিকিৎসার কঠিন সময়ের মধ্যেই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজের বাড়ির ছাদে বিয়ে করেন তারা। তবে এই বিয়ের কোনো পূর্বপরিকল্পনা ছিল না। সম্প্রতি সানিয়া মির্জার নতুন চ্যাট শোতে এসে মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ জানিয়েছেন হিনা।  

নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে হিনা জানান, রকিকে একসময় বিয়ের বিষয়ে সরাসরি বলেছিলেন তিনি। হিনা বলেন, ‘আমার যে শারীরিক অবস্থা, তাতে আমি জানি না আগামীকাল কী হবে। তাই তুমি হয় সামনে এগিয়ে যাও এবং যাকে ইচ্ছা বিয়ে করে নাও, নয়তো আমাকেই বিয়ে করো।’

এ কথা শুনে সানিয়া জানতে চান, সত্যিই কি মাত্র ১৫ মিনিটে বিয়ে করেছিলেন তারা? উত্তরে হিনা হাসতে হাসতে বলেন, ‘সত্যি বলতে, তার চেয়েও কম সময়ে!’ অভিনেত্রী জানান, জীবনের অনিশ্চয়তা থেকেই দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। রকিও এতে এককথায় রাজি হয়ে যান।

হিনা খান ও রকি জয়সওয়ালের বিয়ের ছবি

হিনা ও রকির পরিচয় ‘ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে। সেখানে হিনা অভিনয় করতেন অক্ষরা চরিত্রে। অন্যদিকে, রকি যুক্ত ছিলেন প্রযোজনা দলের সঙ্গে। ২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান এই জুটি। হিনার ক্যানসার শনাক্ত হওয়ার পর চিকিৎসার কঠিন সময়েও পাশে ছিলেন রকি।

বিয়ের পর সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছিলেন হিনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘দুটি আলাদা জগৎ থেকে আমরা ভালোবাসার এক নতুন মহাবিশ্ব তৈরি করেছি। আজ ভালোবাসায় ও আইনিভাবে আমাদের এই বন্ধন চিরদিনের জন্য এক হয়ে গেল।’

 

অসুস্থতার মধ্যে জীবনের অনিশ্চয়তা থেকে নেওয়া তাদের এই বিয়ের সিদ্ধান্তের কথা শুনে আবেগাপ্লুত হয়েছেন হিনার অনুরাগীরাও।


এই বিভাগের আরো খবর