সোমবার, ১১ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

এগিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

ঢাকা টেস্টে মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট শিকারের দিনে পাকিস্তানকে প্রথম ইনিংসে ৩৮৬ রানে থামিয়েছে বাংলাদেশ। একসময় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও বৃষ্টি বিরতির পর দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে তারা ২৭ রানে পিছিয়ে থেকে অলআউট হয়েছে।

পাকিস্তানের ইনিংসে বড় অবদান ছিল অভিষিক্ত আজান আওয়াইজের। সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এছাড়া আবদুল্লাহ ফজল, সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান হাফসেঞ্চুরিতে প্রতিরোধ গড়েন।

স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিটে বৃষ্টির বিরতির পর খেলা শুরু হলে দ্রুত আঘাত হানে বাংলাদেশ। ৫৮ রান করা সালমান আগাকে ফেরান নাহিদ রানা। এরপর মেহেদী নোমান আলী ও শাহীন আফ্রিদিকে তুলে নেন। ইনিংসের শেষ ব্যাটার হাসান আলীকে তাইজুল ইসলাম বোল্ড করলে সেখানেই সমাপ্ত হয় সফরকারীদের ইনিংস।

অথচ শুরুটা ভালোভাবেই করেছিল তারা। আওয়াজই পথ দেখাচ্ছিলেন। শেষ পর্যন্ত ১৬৫ বলে ১০৩ রানে আউট হয়েছেন। তাকে ফিরিয়ে টেস্টে নিজের ৫০তম উইকেট পূর্ণ করেন তাসকিন আহমেদ। এরপরই ধস নামে পাকিস্তানের ইনিংসে। মাত্র ২০ রানের মধ্যে ৪ উইকেট পতনে ইনিংসের নিয়ন্ত্রণ হারায় তারা ।

এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ম্যাচে ফেরার লড়াই শুরু করে পাকিস্তান। সালমান ও রিজওয়ান যোগ করেন ১১৯ রান। কয়েক ওভারের ব্যবধানে দুজনই তুলে নেন অর্ধশতক। ধীরে ধীরে বাংলাদেশের স্কোরের কাছাকাছি পৌঁছানোরও ইঙ্গিত দেন তারা। কিন্তু দ্বিতীয় সেশনের শেষ দিকে তাইজুল ইসলামের বলে রিজওয়ান আউট হতেই ছন্দপতন ঘটে ইনিংসে। ৮ চারে ৫৯ রান করেন তিনি। তার বিদায়ের পরই নামে বৃষ্টি। দ্রুত নেওয়া হয় চায়ের বিরতিও। তার পরও খেলা বন্ধ থাকে প্রায় দুই ঘণ্টার মতো। বিরতির পর খেলা শুরু হলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফরকারীদের ইনিংস।

১০২ রানে মিরাজ নিয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। দুটি করে নিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। জবাবে দ্বিতীয় ইনিংসে বেশিক্ষণ ব্যাট করতে হয়নি বাংলাদেশকে। বিনা উইকেটে ৭ রানে শেষ করেছে তৃতীয় দিনের খেলা। সব মিলে তারা ৩৪ রানে এগিয়ে।

আলোর স্বল্পতায় আগেই শেষ খেলা, বাংলাদেশের লিড ৩৪ রানের

পাকিস্তানকে ৩৮৬ রানে প্রথম ইনিংসে থামিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামলেও আলোর স্বল্পতায় খেলা শেষ হয়েছে দ্রুত। মাত্র ১.৫ ওভারই ব্যাট করতে পেরেছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। স্কোর ছিল বিনা উইকেটে ৭। জয় ২ রানে ক্রিজে রয়েছেন। সাদমান এখনও রানের খাতা খুলেননি। বাংলাদেশ এগিয়ে আছে ৩৪ রানে।

৩৮৬ রানে শেষ পাকিস্তানের ইনিংস, বাংলাদেশের লিড ২৭

বৃষ্টি বিরতির পর হাফসেঞ্চুরি করা সালমান আলী ফিরতেই বেশিক্ষণ টেকেনি দলটির ইনিংস। ৩৭ রানে হারিয়েছে শেষ ৫ উইকেট। তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের লোয়ার অর্ডার। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩৮৬ রানে প্রথম ইনিংস শেষ হয়েছে পাকিস্তানের। মিরাজের ৫ উইকেট পূরণের পর তাইজুল ইসলাম হাসান আলীকে ফেরাতেই অলআউট হয়েছে সফরকারীরা। তাতে বাংলাদেশ লিড পেয়েছে ২৭ রানের।

১০২ রানে মিরাজ নিয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। দুটি করে নিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

শাহীনকে ফিরিয়ে মিরাজের পঞ্চম উইকেট

প্রথম ইনিংসে নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানিদের সবচেয়ে বেশি বিপদে ফেলেছেন মেহেদী হাসান মিরাজ। যার ধারাবাহিকতায় শাহীন আফ্রিদিকে আউট করে দেখা পেয়েছেন পঞ্চম উইকেটের। মেরে খেলার চেষ্টায় ১৩ রানে কাটা পড়েন পাকিস্তান অধিনায়ক। টেস্টে এটি মিরাজের ১৪তম পঞ্চম উইকেট শিকারের নজির।

মিরাজের চতুর্থ শিকার নোমান

দ্রুত সময়ে পাকিস্তানের অষ্টম উইকেটও তুলে নিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের চতুর্থ শিকার হয়েছেন নোমান আলী (২)। তাকে ২ রানে স্লিপে ক্যাচ বানিয়েছেন মিরাজ।

বিরতির পর সালমানকে ফেরালেন রানা

বৃষ্টি বিরতির পর বেশিক্ষণ স্থায়ী হয়নি সালমান আলীর ইনিংস। তাকে ৫৮ রানে থামিয়েছেন নাহিদ রানা। দ্বিতীয় স্লিপে সালমানের ক্যাচ নেন শান্ত।

থেমেছে বৃষ্টি, শুরু হচ্ছে খেলা 

প্রায় দুই ঘণ্টা বৃষ্টিতে বন্ধ ছিল ঢাকা টেস্টের খেলা। শেষ পর্যন্ত বিকাল সোয়া ৪টায় খেলা শুরু হয়েছে।

তাইজুলের ১১৯ রানের জুটি ভাঙার পর বন্ধ খেলা

প্রথম সেশনে বাংলাদেশের দাপটে পাকিস্তান হারায় ৪ উইকেট। তার পর অবশ্য দ্বিতীয় সেশনে আধিপত্য বিস্তার করে খেলেছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী। সফরকারীদের ম্যাচে ফেরান তারা। শেষ পর্যন্ত ১১৯ রানের জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ৮৯.৪ ওভারে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন রিজওয়ান। তিনি কাটা পড়েন ৫৯ রানে। পাকিস্তান ৩৪৯ রানে ষষ্ঠ উইকেট হারানোর পরই অবশ্য বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় তার পরেই। যে কারণে আগেভাগেই চায়ের বিরতি নেওয়া হয়েছে। পাকিস্তান এখনও ৬৪ রানে পিছিয়ে।

সালমান-রিজওয়ানের ফিফটি

তাসকিনের নো বলে বেঁচে যাওয়ার পর সেই সুযোগটা কাজে লাগিয়েছেন সালমান আলী। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে শক্ত প্রতিরোধ গড়েছেন তিনি। তুলে নিয়েছেন ফিফটি। তার পর ফিফটির দেখা পেয়েছেন রিজওয়ানও। দুজনেই ষষ্ঠ উইকেটে শতরান ছাড়ানো জুটিতে প্রতিরোধ গড়ে বাংলাদেশকে ভোগাচ্ছেন। ব্যবধানও কমিয়ে আনছেন তারা।

পাকিস্তানের ৪ উইকেট তুলে প্রথম সেশন বাংলাদেশের

ঢাকা টেস্টে আজওয়ান আওয়াইজের প্রতিরোধে ইনিংসের নিয়ন্ত্রণে ছিল পাকিস্তান। তৃতীয় দিন সেঞ্চুরির পর তাকে আউট করে ম্যাচে ফেরে বাংলাদেশ। তাকে ফিরিয়েই প্রথম সেশনে পুরোপুরি কর্তৃত্ব করেছে স্বাগতিক দল। ২০ রানের মধ্যে ৪ উইকেট তুলে পুরো সেশনে সফরকারীদের চাপে রাখতে পেরেছে। পাকিস্তান আরও চাপে পড়তে পারতো। আগা ক্যাচ আউট হলেও সেটা নো বল করে উইকেট নষ্ট করেছেন তাসকিন আহমেদ। প্রথম সেশন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ এখন ৫ উইকেটে ২৫১ রান। তারা পিছিয়ে ১৬২ রানে। ৮ রানে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান, ১২ রানে সালমান আলী।

সব মিলিয়ে ম্যাচে ফেরা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের। পুরো সেশনে তারা ৪ উইকেট হারিয়ে তুলতে পেরেছে মাত্র ৭২ রান।

উইকেটে পেসার কিংবা স্পিনারের জন্য খুব বেশি সুবিধা নেই। তবে নিয়ন্ত্রিত ও আঁটসাঁট বোলিংয়ের পুরস্কার পেয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান ৬১ রানে ৩ উইকেট নিয়েছেন। দুটি নিয়েছেন তাসকিন আহমেদ।

ফজলকে ৬০ রানে ফেরালেন মিরাজ

একপ্রান্ত নড়বড়ে হয়ে পড়লেও অন্যপ্রান্ত আগলে ছিলেন আব্দুল্লাহ ফজল। ৬৪তম ওভারে তাকেও তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এগিয়ে এসে মেরে খেলার চেষ্টায় ৬০ রানে তাইজুলকে ক্যচ দিয়েয়ছেন ফজল। তাতে দ্রুত পঞ্চম উইকেট হারিয়েছে সফরকারীরা।

তাসকিনের পর মিরাজের আঘাত, চতুর্থ উইকেট হারালো পাকিস্তান

পাকিস্তানের একপ্রান্ত নড়বড়ে করে ছেড়েছে বাংলাদেশ। আজান আওয়াইজের আউটের পর আব্দুল্লাহ ফজল প্রান্ত আগলে থাকলেও অন্যপ্রান্তে টিকতে পারছেন না কেউ। নতুন ব্যাটার সৌদ শাকিলকেও সাজঘরে পাঠিয়েছে বাংলাদেশ। তাকে শূন্য রানে এলবিডাব্লিউ করেছেন মেহেদী হাসান মিরাজ।  তাতে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারী দল।

তাসকিনের দ্বিতীয় শিকার শান মাসুদ

তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় সফল বাংলাদেশ। সেঞ্চুরিয়ান আজান আওয়াইজকে তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। ৫৯তম ওভারে নতুন ব্যাটার অধিনায়ক শান মাসুদকেও ফিরিয়েছেন তিনি। শান মাসুদকে (৯) তালুবন্দি করেছেন সাদমান ইসলাম। শানের বিদায়ে ২২৬ রানে তৃতীয় উইকেট হারিয়েছে পাকিস্তান।

অপর প্রান্তে অবশ্য এখনও প্রতিরোধ গড়ে খেলছেন অভিষিক্ত আরেক ব্যাটার আব্দুল্লাহ ফজল। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি।

আজান আওয়াইজকে ১০৩ রানে থামালেন তাসকিন

গতকাল থেকেই বাংলাদেশের বোলারদের হতাশ করে চলছিলেন অভিষিক্ত ওপেনার আজান আওয়াইজ। সেঞ্চুরির পথেই ছিলেন। তৃতীয় দিন সকালে অভিষেকে দারুণ সেঞ্চুরিও তুলে নেন তিনি। ১৫২ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শের পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। তাকে ১০৩ রানে থামিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন আওয়াইজ। তার বিদায়ে ভেঙেছে ১০৪ রানের দ্বিতীয় উইকেট জুটি। আওয়াইজের ১৬৫ বলের ইনিংসে ছিল ১৪টি চারের মার।

তৃতীয় দিন শুরু পাকিস্তানের 

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের পর ব্যাট হাতে শক্ত জবাব দিচ্ছে পাকিস্তান। অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইজের প্রতিরোধে তৃতীয় দিন শুরু করেছে তারা।

আগের দিন শুরুর জুটিতে ইমাম উল হককে নিয়ে ১০৬ রান যোগ করেছেন আওয়াইজ। ইমাম উল হক ৪৫ রানে ফেরার পর আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল দারুণ প্রতিরোধ সৃষ্টি করেছেন। আওয়াইজকে নিয়ে অবিচ্ছিন্ন আছেন। তাতে ব্যবধানও কমিয়ে আনছেন তারা।

এর আগে মোহাম্মদ আব্বাসের ৫ উইকেট ও শাহীন আফ্রিদির ৩ উইকেট শিকারে প্রথম ইনিংসে ৪১৩ রানে থেমেছে বাংলাদেশ।  দ্বিতীয় দিন বাংলাদেশের হয়ে প্রতিরেধ গড়েছিলেন মূলত মুশফিকুর রহিম।

দ্বিতীয় দিনের শুরুতে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ মুশফিকের আউটের পর শেষ পর্যন্ত দলটি ১১৭.১ ওভারে অলআউট হয়েছে।  ইনিংসের শেষদিকে তাসকিন আহমেদের ১৯ বলে ঝড়ো ২৮ রানের ইনিংস দলের স্কোর ৪০০ ছাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিন শেষে: বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১.৫ ওভারে ৭/০ (মাহমুদুল ২*, সাদমান ০*)


এই বিভাগের আরো খবর