বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সনিয়ার আত্মজীবনী বিতর্কের রসদ জোগাল মেনকা

তাঁর আত্মজীবনী প্রকাশের দিনক্ষণ ঘোষণা করে তিন মাস আগে সনিয়া গাঁধী বলেছিলেন, ‘‘আমার পরিবার নিয়ে অনেক কথা লেখা হয়েছে। খুব কম লেখাই পরিবারের মানবিক অনুভূতি, কাজকর্ম ও উদ্দেশ্য নিয়ে সত্যের কাছাকাছি পৌঁছতে পেরেছে। আমার কথা পাঠককে সামাজিক ও রাজনৈতিক বদলের পরিপ্রেক্ষিত দেবে, যা আমি আমার এই সুন্দর দেশে গত ছ’দশক ধরে চাক্ষুষ করেছি।’’ মঙ্গলবার প্রকাশিত হল কংগ্রেস নেত্রীর সেই বহুচর্চিত স্মৃতিকথা, ‘বিলংগিং: এ জার্নি অফ লাভ’।

ইটালির লুসিয়ানা থেকে নয়াদিল্লির ১০ জনপথ পর্যন্ত দীর্ঘ সফরের ‘ভারতীয় অধ্যায়’ উঠে এসেছে তাতে। স্বামী রাজীব গাঁধী, শাশুড়ি ইন্দিরা গাঁধীর স্মৃতির পাশাপাশি পরিবারের অন্দরমহলের চোরাস্রোত, রাজনীতির টানাপড়েন, নানা ব্যক্তি সম্পর্কে তাঁর মূল্যায়ন এমনকি, জরুরি অবস্থা, বাবরি মসজিদ ধ্বংস বা গুজরাত হিংসার মতো বিতর্কিত অধ্যায়ও ঠাঁই পেয়েছে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সনের আত্মকথনে। পাশাপাশি, আত্মজীবনীতে উঠে এসেছে তাঁর জীবনের কঠিন সময়গুলির কথাও। প্রথম সন্তানের মৃত্যু, সঞ্জয় গাঁধীর আকস্মিক বিমান দুর্ঘটনা, ১৯৮৪ সালে ইন্দিরা গাঁধীর নির্মম হত্যাকাণ্ড এবং ১৯৯১ সালে রাজীব গাঁধীর হত্যাকাণ্ড—পরিবারের একের পর এক ট্র্যাজেডি কী ভাবে তাঁর জীবনকে চিরতরে বদলে দিয়েছে, তার বিবরণও রয়েছে বইটিতে। ব্যক্তিগত গভীর শোক এবং তীব্র সংকটের সেই দিনগুলিই তাঁকে একপ্রকার বাধ্য করেছিল খোলস ছেড়ে রাজনীতির আঙিনায় পা রাখতে।

আত্মজীবনীতে এসেছে তাঁর প্রথম সন্তানের মৃত্যুর কথাও। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি নির্ধারিত সময়ের দু’মাস আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন সনিয়া। তবে সে আনন্দ স্থায়ী ছিল মাত্র একদিন। সনিয়া লিখেছেন, ‘‘শিশুটিকে ইনকিউবেটরে রাখার সময় তার প্রথম কান্না আমি শুনেছিলাম। পরে রাজীব আমাকে তাকে দেখাতে নিয়ে গেল— ছোট্ট ছেলে, মাথায় ঘন কালো চুল ও লম্বা সরু আঙুল। আমরা একসঙ্গে তার দিকে তাকিয়ে ছিলাম।’’ কিন্তু জন্মের পরেই চিকিৎসকেরা জানিয়েছিলেন শিশুটির বাঁচার সম্ভাবনা ক্ষীণ। পরের দিন সকালে সে মারা যায়। এর পরে মেহরাউলির পারিবারিক ফার্মহাউসে একটি বোগেনভিলিয়া ফুলের গাছে নীচে তাকে কবর দেওয়া হয়েছিল। সনিয়া লিখেছেন, ‘‘আমি আর রাজীব যখনই সেখানে যেতাম, তাকে ফুল দিয়ে আসতাম।’’ সে সময় কিছু সংবাদমাধ্যম তাঁর প্রথম সন্তানের মৃত্যু নিয়েও কুরুচিকর সংবাদ প্রকাশ করেছিল বলে আত্মজীবনীতে অভিযোগ করেছেন সনিয়া।

লোকসভা ভোটের প্রচারে তামিলনাড়ু গিয়ে ১৯৯১ সালের ২১ মে বিস্ফোরণে নিহত হয়েছিলেন রাজীব। সেই স্মৃতির কথা এসেছে সনিয়ার কলমে। জানিয়েছেন কন্যা প্রিয়ঙ্কার কাছ থেকে প্রথম ওই খবর পেয়েছিলেন তিনি— ‘‘দরজা খুলে ও (প্রিয়ঙ্কা) ধীরে ধীরে প্রবেশ করল ঘরে। যেন নিজেকে সুস্থির রাখচে চাইছে। আমার জোর করে শান্ত থাকার চেষ্টা করছে। কিন্তু ওর নিঃশ্বাস দ্রুত পড়ছিল। মুখ যেন বিবর্ণ। চোখে অন্ধকার। আমি আগে কখনও এমন দেখিনি। ও আমাকে বলল, একটা ফোন পাওয়ার কথা।’’

রাজীবকে বাধা, রাহুলকে ছাড়

১৯৮৪ সালে ইন্দিরা গাঁধীর হত্যাকাণ্ডের পর রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্তে তিনি সরাসরি বিরোধিতা করেছিলেন বলে আত্মজীবনীতে জানিয়েছেন সনিয়া। কিন্তু রাজনীতিতে যোগ না দেওয়ার জন্য স্বামীকে ‘অনুনয়’ করলেও যখন তাঁর পুত্র রাহুলের রাজনীতিতে যোগ দেওয়ার সময় এসেছিল, তখন তিনি তাতে বাধা দেননি বলে জানিয়েছেন সনিয়া। আত্মজীবনীতে লিখেছেন, ‘‘আমি রাজীবকে বার বার অনুরোধ করেছিলাম নিজেকে রাজনীতির সঙ্গে জড়িয়ো না। কিন্তু আমার ছেলের ক্ষেত্রে বাধা দিতে পারিনি। রাহুলের রাজনীতির প্রতি দীর্ঘদিনের আগ্রহ ছিল। অমেঠীর সঙ্গে তাঁর ও প্রিয়াঙ্কার গভীর আত্মীকসম্পর্ক ছিল।’’

রাজীব তাঁর জীবদ্দশায় স্কুলপড়ুয়া রাহুলকে বেশ কয়েকবার অমেঠীতে নিয়ে গিয়েছিলেন। কাছ থেকে দেখিয়েছিলেন গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতা। অমেঠীর প্রাক্তন সাংসদ সনিয়া জানিয়েছেন, কন্যা প্রিয়ঙ্কাও তাঁর নির্বাচনের সময় আমেঠীতে ধারাবাহিক ভাবে উপস্থিত ছিলেন, দলীয় কর্মী-সমর্থক এবং‌ আমজনতার মন জয় করেছিলেন। কিন্তু প্রিয়ঙ্কার অগ্রাধিকার ছিল তাঁর সন্তানদের বড় করে তোলা এবং স্নাতকোত্তর স্তরের পড়াশোনায়। সনিয়ার কথায়, ‘‘রাহুল যখনই ভারতে ফিরত, আমার বা তার বোনের সঙ্গে আমেঠীতে যেত। এলাকায় তারা দু’জনেই পরিচিত ছিল। সেই সফরগুলির সময়ই রাহুলের মধ্যে সেখানকার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার আগ্রহ তৈরি হয়েছিল।’’ কেমব্রিজে রাহুলের এমফিলের বিষয় ছিল ‘ডেভেলপমেন্ট স্টাডিজ়’ এবং বিদেশে থাকাকালীনও তিনি ভারতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের উপর নিবিড় ভাবে নজর রাখতেন।

অনিচ্ছায় রাজনীতিতে, স্বেচ্ছায় প্রধানমন্ত্রিত্ব ত্যাগ

১৯৯১ সালের ২১ মে মানববোমা বিস্ফোরণে রাজীব নিহত হয়েছিলেন। সে সময় কংগ্রেস ওয়ার্কিং কমিটি দলের সভানেত্রী পদে তাঁকে মনোনীত করলেও সেই প্রস্তাব গ্রহণ করেননি সনিয়া। আরও সাত বছর পরে ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। আত্মজীবনীতে সনিয়া জানিয়েছেন ব্যক্তিগত ভাবে রাজনীতিতে আসার কোনও ইচ্ছা না থাকলেও শুধুমাত্র দায়িত্ববোধের জায়গা থেকে তিনি কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে এগিয়ে এসেছিলেন। কিন্তু বছর ঘোরার আগেই দলের অন্দরে বিদ্রোহের মুখে পড়তে হয়েছিল তাঁকে। ১৯৯৯ সালে শরদ পওয়ার, পিএ সাংমারা তাঁর বিদেশি জন্মসূত্র নিয়ে প্রশ্ন তোলায় তিনি অত্যন্ত আঘাত পেয়েছিলেন জানিয়েছেন সনিয়া। সে সময় কংগ্রেস সভানেত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া এবং তার পরে কংগ্রেস নেতাদের আবেদন মেনে বৃহত্তর স্বার্থে আবার দায়িত্বে ফিরে আসার পর্বে মানসিক টানাপড়েনের কথা উঠে এসেছে ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।

তবে ১৯৯৯ সালের মতো ২০০৪ সালে কিন্তু সিদ্ধান্ত বদল করেননি সনিয়া। কংগ্রেস এবং ইউপিএ-র সহযোগী দলগুলির নেতাদের অনুরোধ উপেক্ষা করে দূরে ঠেলেছিলেন প্রধানমন্ত্রিত্বকে। সে সময় ভারত জেনেছিল ‘অন্তরাত্মার ডাক’ শুনে সনিয়ার সিদ্ধান্তের কথা। মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনীতে এসেছে এ বিষয়ে পারিবারিক আলোচনার প্রসঙ্গও। সনিয়া লিখেছেন, ‘‘নির্বাচনের কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর পদ নিয়ে রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে আলোচনা করি। ওদের মধ্যে এক জন সরাসরি আমাকে জিজ্ঞাসা করল, যদি নির্বাচনে জিতি তা হলে কি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করব? তখন প্রায় বিরক্তির সুরেই বলেছিলাম, একেবারেই না!’’ সনিয়া জানান, এই কথা শুনে রাহুল-প্রিয়ঙ্কা তাঁর কাছে ফের জানতে চান, তিনি কি এ বিষয়ে নিশ্চিত? তখনও তাঁদের জানিয়েছিলেন, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। সনিয়ার কথায়, ‘‘আমি তখন জোর দিয়েই এ কথা ওদের বলেছিলাম।’’ নির্বাচনের ফল প্রকাশের পর ইউপিএ-র নেতারা সনিয়া গাঁধীর ১০ জনপথের বাসভবনে হাজির হয়েছিলেন। তাঁকে রাজি করানোর চেষ্টা চলে। কিন্তু সনিয়া তাঁর সিদ্ধান্তের কথা জোটের নেতাদের জানিয়ে দেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নেতারাও পাল্টা জানিয়ে দিয়েছিলেন যে, এই সিদ্ধান্ত তাঁরা মানবেন না। একপ্রকার ‘চাপের’ মুখে পড়ে তিনি শেষে মৃদুস্বরে বলে ওঠেন, ‘ঠিক আছে।’’ বাইরে থেকে বিষয়টি লক্ষ করছিলেন কন্যা প্রিয়ঙ্কা। মাকে ‘চাপের’ মুখে পড়ে প্রধানমন্ত্রীপদের জন্য রাজি হতে দেখে সোজা রাহুলের ঘরে চলে যান প্রিয়ঙ্কা। সনিয়া সেখানে গেলে রাহুল-প্রিয়ঙ্কা দু’জনেই মায়ের সিদ্ধান্তের বিরোধিতা করেন। রাহুল জিজ্ঞাসা করেন, ‘‘তুমি রাজি হলে কী ভাবে?’’ তার পরই ঘর থেকে রেগে বেরিয়ে যান তিনি। প্রিয়ঙ্কা তাঁর মাকে নিজের সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ দেন।

সনিয়া বলেন, ‘‘আমার মনও দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছিল। একটা অংশ এই ভাবনাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছিল। আর অন্য অংশ দলের কর্মীদের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছিল।’’ কিন্তু শেষে প্রত্যাখানের কথাতেই সায় দিয়েছিলেন তিনি। যখন রাহুল এবং প্রিয়ঙ্কা জানতে পারেন, তাঁর মা অবশেষে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তাঁরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। সনিয়া বলেন, ‘‘ওরা (রাহুল-প্রিয়ঙ্কা) খুব আতঙ্কের মধ্যে ছিল এই বিষয়টি নিয়ে। কিন্তু যখন জানল আমি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, স্বস্তি পেয়েছিল ওরা।’’ সনিয়ার কথায়, ‘‘ওরা ঠাকুমার হত্যাকাণ্ড এবং বাবার নৃশংস হত্যার যন্ত্রণা সহ্য করেছে। ওদের মনে হত, প্রধানমন্ত্রীর পদ মানেই অনেক বেশি বিপদের আশঙ্কা। আমার সিদ্ধান্ত যখন শুনল তখন ওদের চোখেমুখে স্বস্তি দেখেছিলাম।’’ রাহুল তখন আপ্লুত হয়ে বলেছিলেন, ‘‘এটাই সঠিক সিদ্ধান্ত।’’

মনমোহন ‘বনাম’ প্রণব প্রসঙ্গ

২০০৪ সালের লোকসভা ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের জয়ের পরে জল্পনা ছিল জঙ্গিপুর থেকে নির্বাচিত প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু ইন্দিরা মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি প্রণবের বদলে নরসিংহ রাওয়ের জমানার অর্থমন্ত্রী মনমোহন সিংকে বেছে নিয়েছিলেন সনিয়া। আত্মজীবনীতে তাঁর সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে সনিয়া লিখেছেন, ‘‘অনেক প্রবীণ নেতা ছিলেন, যাঁরা এই পদের জন্য যোগ্য ছিলেন। কিন্তু তাঁদের মধ্যে এক জন নজর কেড়েছিলেন। তিনি মনমোহন সিংহ। তিনি এমন এক ব্যক্তিত্ব, যাঁর বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবেন না। শুধু তা-ই নয়, সরকার পরিচালনার বিষয়ে তাঁর সম্যক ধারণা ছিল।’’ সনিয়া জানিয়েছেন, ৯০-এর দশকের গোড়ায় মনমোহন অর্থমন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন। তার আগে ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর এবং যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে যোগ্যতার পরিচয় দিয়েছিলেন।

আত্মজীবনীতে প্রয়াত রাষ্ট্রপতি কথা প্রাক্তন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়েরও স্মৃতিচারণা করেছেন সনিয়া। কী ভাবে তাঁর একটি মন্তব্য তাঁকে চমকে দিয়েছিল, সে কথাও উল্লেখ করেছেন কংগ্রেসনেত্রী। সনিয়া জানিয়েছেন, ২০১০ সালে এক দিন প্রণব তাঁকে প্রধানমন্ত্রী বদলের ‘পরামর্শ’ দিয়েছিলেন। আর প্রণবের সেই উচ্চাশা দেখে তিনি চমকে গিয়েছিলেন। সনিয়া লিখেছেন, “প্রণব মুখোপাধ্যায় বলেন, হয়তো সরকারের শীর্ষ স্তরে বদলের সময় এসেছে। তাঁর কথায় চমকে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল, প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘ দিনের ইচ্ছা থেকেই তিনি এ কথা বলছেন।’’ সনিয়া এ প্রসঙ্গে জানিয়েছেন, আলোচনা না বাড়িয়ে বিষয়টি তিনি কৌশলে বদলে দিয়েছিলেন। সনিয়ার মন্তব্য প্রসঙ্গে প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘‘যে ব্যক্তির কয়েক দশকের রাজনৈতিক এবং সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, কঠোর পরিশ্রমী এবং তীক্ষ্ম বুদ্ধির অধিকারী, তাঁর উচ্চাশা করা কি অপরাধ?’’ তিনি মনে করিয়ে দিয়েছেন, ১৯৭৭ সালের লোকসভা ভোটে কংগ্রেসের পরাজয়ের পরে দলের অনেক নেতাই ইন্দিরাকে ছেড়ে চলে গেলেও রাজনৈতিক প্রতিহিংসার মুখোমুখি হয়েও প্রণব দলনেত্রীর পাশে ছিলেন।

মেনকা, সঞ্জয় ও জরুরি অবস্থা

সনিয়ার আত্মজীবনীতে বিস্তারিত ভাবে এসেছে জা মেনকা গাঁধীর সঙ্গে তাঁর বন্ধুত্ব ও বিচ্ছেদের কাহিনি। ১৯৭৩ সালের শেষের দিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর কনিষ্ঠ পুত্র সঞ্জয়ের সঙ্গে মেনকার পরিচয় হয়েছিল। এর বছর খানেকের মধ্যেই তাঁদের বিয়ে হয়ে যায়। ১৮ বছর বয়সি হন গাঁধী পরিবারের ছোটবউ। স্মৃতিকথায় সনিয়া লিখেছেন, ‘‘খুবই প্রাণবন্ত ও উচ্ছল মেয়ে ছিল মেনকা। প্রাণশক্তিতে ভরপুর। বাড়িতে ছোটবউয়ের আগমন বেশ আনন্দদায়ক ছিল। মাঝে মাঝে ঘর থেকে ওর হাসির শব্দ শুনতে পেতাম, আর সেই হাসির কারণ জানতে ঘরে ঢুকতাম, তার পর ওর বন্ধুদের বা সদ্য পড়া কোনও বই নিয়ে গল্প শোনার জন্য বসে পড়তাম।’’

সনিয়া জানিয়েছেন, তাঁর কন্যা প্রিয়ঙ্কাকে প্রায়শই তাঁর কাকিমা মেনকার ঘরে গল্পের মন্ত্রমুগ্ধ শ্রোতা হয়ে বসে থাকতে দেখা যেত। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিবেশ বদলাতে শুরু করে। ১ নম্বর সফদরজং রোডের অন্দরে নানা ধরনের অশান্তি মাথাচাড়া দিতে শুরু করে। সনিয়া জানিয়েছেন, এর শুরু হয়েছিল বাড়ির দুই পুত্রবধূকে কী ভাবে সম্বোধন করা হবে, তা দিয়ে। বড়বউ সনিয়াকে বাড়ির কর্মচারীরা ‘বউরানি’ বলে সম্বোধন করতেন। মেনকাকে ‘ছোটবউ’ বলে। সনিয়ার মতে, মেনকার এমন সম্বোধন অপছন্দের ছিল। তিনি লিখেছেন, ‘‘ও যখন রূঢ় ভাবে কথা বলত, শান্তি বজায় রাখার জন্য আমি সাধারণত চুপ করে থাকতাম। কিন্তু যখন মনে হত বিষয়টা সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন আমি আর নিজেকে সংযত রাখতে পারতাম না এবং রূঢ় ভাবেই জবাব দিতাম।’’

সনিয়ার দাবি, ধৈর্যচ্যুতি হলে মেনকা অনেক সময় ইন্দিরার সামনেও এমন সব কটূ কথা বলতেন, যা শুনে তিনি বিব্রত হতেন! এমনকি, স্বামী সঞ্জয়ের সঙ্গে মেনকার দাম্পত্য কলহও নাকি সব সময় চার দেওয়ালের ঘেরাটোপে সীমাবদ্ধ থাকত না! তবে শাশুড়ি হিসেবে ইন্দিরা বরাবর দুই পুত্রবধূকে সমমর্যাদা দিয়েছেন বলেই লিখেছেন সনিয়া।

১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাজীবের সঙ্গে বিয়ে হয়েছিল সনিয়ার৷ তার সাড়ে ৭ বছর পরে ১৯৭৫ সালের ২৫ জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন আঘাত এসেছিল জরুরি অবস্থা জারিতে। সে সময় দেশজুড়ে যে প্রচণ্ড বিশৃঙ্খলা চলছিল, সেই পরিস্থিতির বাধ্যবাধকতা জরুরি অবস্থা জারির অনুঘটক হয়েছিল বলে মনে করেন সনিয়া। তবে সেই সঙ্গে দাবি করেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরার ওই সিদ্ধান্তের পিছনে তাঁর কনিষ্ঠপুত্র সঞ্জয়ের গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। সনিয়ার মতে, সঞ্জয় স্বভাবগত ভাবে এক জন অধৈর্য মানুষ ছিলেন৷ কিন্তু তাঁর সিদ্ধান্তগুলিতে সাংবিধানিক জ্ঞানের অভাব ছিল স্পষ্ট ৷ সঞ্জয়ের অনুচর যুব কংগ্রেসের নেতানেত্রীদের আগ্রাসী ও বেপরোয়া আচরণেরও সমালোচনা এসেছে সনিয়ার কলমে।

চোখে চোখ রাখেন না মোদী

অতীতে গোধরা পরবর্তী গুজরাত হিংসা প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে ‘মওত কা সওদাগর’ (মৃত্যুর কারবারি) বলে বিতর্ক খুঁচিয়ে দিয়েছিলেন তিনি। আর তাঁর উদ্দেশে মোদীর বিশেষণ ছিল, ‘কংগ্রেসের বিধবা’! সনিয়া তাঁর আত্মজীবনীতে মোদীর সঙ্গে শীতল সম্পর্কের কথা উল্লেখ করে লিখছেন, ‘‘সংক্ষিপ্ত বাক্যালাপ ছাড়া, আমাদের মধ্যে কখনও প্রকৃত অর্থে কোনও কথোপকথন হয়নি। আমাদের দেখা হয় সরকারি অনুষ্ঠানে। যেমন স্পিকারের ঘরে।’’ সনিয়া আরও জানান, তাঁদের একে অপরের সঙ্গে দেখা হলে ‘নমস্তে’ জানান। তাঁর কথায়, ‘‘আগে পরিস্থিতি এমন ছিল না। অতীতে বিভিন্ন দলের নেতারা একে অন্যের সঙ্গে আন্তরিক আচরণ করতেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদী সাধারণত অন্য দিকে তাকিয়ে থাকেন। চোখে চোখ রাখা এড়িয়ে যান।’’

তবে মোদীর সঙ্গে তিনি বছরের পর বছর ধরে আনুষ্ঠানিক ভাবে জন্মদিন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন বলে জানিয়েছেন সনিয়া। সেই সঙ্গে তাঁর স্বীকারোক্তি, ‘‘যখনই হাসপাতাল থেকে সুস্থ হয়ে সংসদে ফিরেছি প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছেন ‘আপনি ঠিক আছেন?’ যার উত্তরে বলেছি, ‘হ্যাঁ, ধন্যবাদ, এখন আমি ভালো আছি’।’’ মোদী এবং তিনি যে ভিন্ন আদর্শগত জগতের মানুষ এবং ভারত সম্পর্কে মোদীর ধারণা তাঁর নিজের ধারণা যে সম্পূর্ণ আলাদা, তা মনে নিয়েছেন সনিয়া। তাঁর দাবি, ভারত সম্পর্কে মোদীর ধারণা আরএসএস-এর মতাদর্শের ছাঁচে ঢালা। যা সনিয়া মতে, ‘কট্টরপন্থী’। অন্য দিকে, কংগ্রেস নেত্রীর মতে ভারত সম্পর্কে তাঁর নিজের ধারণা গড়ে উঠেছে পরিবারের সদস্যদের কাছ থেকে, যাঁরা স্বাধীনতা ও সাম্যের নীতিতে বিশ্বাসী ছিলেন। আদর্শগত পার্থক্যের কথা উল্লেখ করে সনিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী যেমন ভারতের জন্য তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই করছেন, তিনিও তাঁর নিজের মতো করে লড়াই চালাচ্ছেন। সাধারণ জনসভায় যে ধরনের রাজনৈতিক বক্তৃতা হয়, মোদী সংসদেও দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সম্পর্কে তেমন মন্তব্য করেন বলে ‘অনুযোগ’ করেছেন সনিয়া।
  • test

ক্লিন্টনের সুন্দরী দর্শন

মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ২০০০ সালে ভারত সফরে এসেছিলেন। তার কিছু দিন আগেই মনিকা লিউনেস্কির সঙ্গে তাঁর যৌন কেলেঙ্কারির খবর ছড়িয়েছিল বিশ্ব জুড়ে। আত্মজীবনীতে ক্লিন্টনের ভারত সফরের প্রসঙ্গ উল্লেখ করে সনিয়া লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী তাঁর (ক্লিন্টন) সম্মানে যে সংবর্ধনার আয়োজন করেছিলেন, সেখানে আমি লক্ষ্য করলাম তিনি মাঝেমধ্যেই উপস্থিত আকর্ষণীয় মহিলাদের দিকে আড়চোখে তাকাচ্ছেন। আসলে পুরনো স্বভাব সহজে যায় না।’’

ক্যানসারের বিরুদ্ধে জয়

আত্মজীবনীতে সনিয়া জানিয়েছেন, ২০১০ সালে তাঁর স্তন ক্যানসার ধরা পড়েছিল। পরবর্তী কালে অগ্ন্যাশয়ে সেই ক্যানসার ছড়িয়ে পড়ে। এর জন্য তিনি দু’বার অস্ত্রোপচার করান। প্রথমটি হয়েছিল ইটালির মিলানে এবং দ্বিতীয়টি নেদারল্যান্ডসের রটারড্যামে। সনিয়ার দাবি, যখন প্রথম বার ক্যানসার ধরা পড়ে, তখন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকদের উপর তাঁর সম্পূর্ণ আস্থা থাকা সত্ত্বেও তিনি বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের চর্চা এড়াতে চেয়েছিলেন। তাই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি লিখেছেন, ‘‘আমি আতঙ্কিত ও উদ্বিগ্ন ছিলাম। নষ্ট করার মতো সময়ও আমার ছিল না। আমাকে এবং আমার সন্তানদের সেটাই বলা হয়েছিল। আমার মনে এক ভয়ঙ্কর পরিণতির ছবি ভেসে উঠছিল। দিল্লিতে অস্ত্রোপচার হলে ভারতের সংবাদ মহলে যে উত্তেজনা তৈরি হত, আমি তার মধ্যে থাকতে চাইনি।’’

শিখবিরোধী দাঙ্গা, বাবরি ধ্বংস এবং গুজরাত হিংসা

এক দশকের ব্যবধানে দু’টি ঘটনা নাড়িয়ে দিয়েছিল সনিয়াকে। প্রথমটি, ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস। দ্বিতীয়টি ২০০২ সালে গোধরা পরবর্তী গুজরাত দাঙ্গা। এর পাশাপাশি সদ্যপ্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’-এ শতাব্দী প্রাচীন কংগ্রেসের সবচেয়ে দীর্ঘ সময়ের সভানেত্রী উল্লেখ করেছেন ১৯৮৪ সালে ইন্দিরা হত্যা পরবর্তী শিখবিরোধী হিংসার কথাও।

শিখ-বিরোধী হিংসাকে ‘ভারতের ইতিহাসের একটি মর্মান্তিক ও লজ্জাজনক অধ্যায়’ বলে চিহ্নিত করেছেন সনিয়া। সে সময় রাজীবের একটি মন্তব্য (বড় গাছ পড়লে মাটি কেঁপে ওঠে) নিয়ে বিতর্ক দানা বাঁধলেও সনিয়ার দাবি, তাঁর স্বামীর মনে কোনও গোঁড়ামি বা বিদ্বেষ ছিল না। তবে ওই সঙ্কটময় মুহূর্তে তাঁকে হঠাৎ করেই ক্ষমতার কেন্দ্রে আসতে হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি যথাযথ ভাবে। ইন্দিরা হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতির কথা স্মরণ করে তিনি লিখেছেন, যখন এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে, তখন দ্রুত দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
ঘটনাচক্রে সনিয়া লোকসভার বিরোধী দলনেত্রী থাকাকালীন গোধরায় সাবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগ এবং গুজরাত হিংসা ঘটেছিল। সে সময় একটি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে অহমদাবাদ সফরের বর্ণনা দিয়েছেন তিনি। সেখানে তাঁরা হিংসায় ঘরছাড়াদের ত্রাণশিবির পরিদর্শন করেন। সনিয়া লিখেছেন, ‘‘সংসদে বিরোধী দলনেত্রী থাকাকালীন আমি বহু মর্মান্তিক ঘটনায় পীড়িতদের সঙ্গে দেখা করেছি এবং প্রতিবারই দুর্দশার স্মৃতি আমাকে তাড়া করেছে। ২০০২ সালে গুজরাত সাম্প্রদায়িক হিংসায় বিধ্বস্ত হয়েছিল। কেব্‌ল টিভির আগমনের ফলে সেই হিংসার অনেক ঘটনা সরাসরি সম্প্রচারিত হয়েছিল এবং এর ভয়াবহতা দেশকে কাঁপিয়ে দিয়েছিল।

সাবরমতী এক্সপ্রেসের চারটি বগিতে আগুন ধরিয়ে দেওয়া এবং ৫৯ জন তীর্থযাত্রীকে হত্যা করার পরে এই হিংসার সূত্রপাত হয়েছিল।’’ কংগ্রেস নেত্রীর মতে, আগুন লাগার কারণ নিয়ে বিতর্ক থাকলেও এর পরবর্তী হিংসায় হতাহতদের অধিকাংশই ছিলেন মুসলিম। তাঁর কথায়, ‘‘আমরা আতঙ্কের সঙ্গে সরাসরি সম্প্রচার দেখছিলাম এবং গুজরাতে থাকা আমাদের সহকর্মীদের কাছে সাহায্যের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলাম। তাঁরা মরিয়া হয়ে আমাদের ফোন করছিলেন, কিন্তু প্রশাসন কোনও সাড়া দেয়নি।’’ নিহতদের মধ্যে ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরিও। নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই হিংসায় যে বজরং দলের নাম জড়িয়েছিল, সে কথাও ফের মনে করিয়ে দিয়েছেন সনিয়া।

গত সপ্তাহেই একটি সাক্ষাৎকারে সনিয়া জানিয়েছিলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর টিভিতে বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং কেঁদেছিলেন। যা নিয়ে ইতিমধ্যেই তাঁকে কটাক্ষ করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। আত্মজীবনীতেও বাবরি ধ্বংসের সেই ‘দুঃখজনক মুহূর্তে’র কথা বলেছেন সনিয়া।