সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহীতে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত রাজশাহী জেলার ৫৫টি কেন্দ্রে এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় সাড়ে ২৮ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা জানিয়েছে, প্রথমদিনের বাংলা প্রথমপত্র পরীক্ষার নৈর্ব্যক্তিক ও লিখিত পদ্ধতির পরীক্ষার প্রশ্নপত্র তাদের সিলেবাসের মধ্যেই ছিল। সে কারণে তারা যথাযথ উত্তর দিতে পেরেছে। অন্যদিকে, শিক্ষাবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতিও ভালো। ফলে পরীক্ষার্থীদের কোন সমস্যা হয়নি।
এদিকে রাজশাহী বোর্ডের আট জেলায় ২৭৪টি কেন্দ্রে ২ হাজার ৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৫৪২ জন। এছাড়া অনিয়মিত ৩১ হাজার ১৯ জন এবং মান উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১৪৮ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯৩ হাজার ১৭৪ জন ছাত্র এবং ৮৪ হাজার ৫৩৫ জন ছাত্রী। #