সমিতিপাড়ার বাসিন্দারা বলেন, ‘সোমবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্য জায়গায় সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এলাকাবাসীর প্রতিনিধিদের পূর্বনির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল। এ জন্য বেলা ১২টার দিকে সমিতিপাড়ার বাসিন্দা মো. জাহিদসহ আরও কয়েকজন ইজিবাইকে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিলেন। তাদের বহনকারী গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকায় বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। সে সময় বিমানবাহিনীর সদস্যরা জাহেদকে গাড়ি থেকে নামতে বললে তাদের মধ্যে তর্ক হয়। পরে জাহেদকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয়ে বিমান বাহিনী সদস্যদের ওপর চড়াও হলে সংঘর্ষের ঘটনা ঘটে।’
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত কীভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’ আইএসপিআর জানিয়েছে, কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতিপাড়ায় কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।







