শীতের সব্জিতে কড়াইশুঁটি থাকবেই। তা দিয়ে বানানো কচুরির স্বাদ অনবদ্য। তবে শুধু কচুরি নয় কড়াইশুঁটি দিয়ে তৈরি করা যায় নানা স্বাদের নানা পদ। কড়াইশুঁটির টিকিয়া: কড়াইশুঁটি মিক্সিতে ঘুরিয়ে নিন। তবে মিহি করে বাটা নয়, যেন একটু দানা ভাব যেন থাকে এতে। কড়ায় সাদা তেল গরম হতে দিন। তাতে আদা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে কড়াইশুঁটি ভাল করে নাড়াচাড়া করে নিন। দিয়ে দিন স্বাদ মতো নুন এবং চিনি। যোগ করুন শুকনো কড়ায় নেড়েচেড়ে নেওয়া আধভাঙা বাদাম। একটি পাত্রে সেদ্ধ করা আলু চটকে নিন। তাতে দিয়ে দিন কিছুটা ব্রেড ক্র্যাম্ব অথবা বিস্কুটের গুঁড়ো, সামান্য কর্নফ্লাওয়ার, স্বাদমতো নুন, আদা, কাঁচালঙ্কা বাটা, সামান্য আমচুর পাউডার। কড়াইয়ে নেড়েচেড়ে নেওয়া কড়াইশুঁটিও এর সঙ্গে যোগ করে খুব ভাল ভাবে হাত দিয়ে মেখে নিন। তার পর টিকিয়ার আকার দিন। কড়াইশুঁটির টিকিয়া অল্প তেলে উল্টেপাল্টে সেঁকে নিতে পারেন আবার ছাঁকা তেলে ভাজতেও পারেন। সস্ সহ পরিবেশন করুন।
কড়াইশুঁটির স্যুপ: একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ, সামান্য আদা, রসুন কুচি যোগ করুন। দিয়ে দিন অনেকটা পরিমাণ কড়াইশুঁটি। স্বাদমতো নুন দিন। মিনিট ২ সমস্ত উপকরণ নাড়াচাড়া করে দিয়ে দিন জল। কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নিন।