মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

কলকাতার বরো চেয়ারম্যানের পদ ছাড়লেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ,

আন্তর্জাতিক নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। বুধবার কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। সুশান্তের সঙ্গে ছিলেন তৃণমূলের আর এক কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তাঁকেও পুর কমিশনারের ঘরে যেতে দেখা যায়। তিনিও পুরসভার পদ থেকে ইস্তফা দেন।

বুধবার দুপুরে সুশান্ত এবং অরূপকে প্রায় একসঙ্গেই পুরসভায় আসতে দেখা যায়। কী কারণে তাঁরা হঠাৎ পুরসভায় তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে পরে জানা যায়, বরো চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে এসেছেন সুশান্ত। এ ছাড়া, পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেন অরূপ। পরে মেয়র ফিরহাদ হাকিমের ঘরে গিয়েও পদত্যাগপত্র জমা দেন দু’জনে। সুশান্ত ১০৮ নম্বর এবং অরূপ ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুরসভার পদ থেকে ইস্তফা দিলেও কাউন্সিলর পদ যে তাঁরা ছাড়ছেন না সে কথা দু’জনেই জানিয়ে দিয়েছেন।
Advertisement

দিন কয়েক আগে একই পথে হাঁটেন কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। তিনি ৯ নম্বর বরোর চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁর ইস্তফাপত্র প্রকাশ্যে এসেছিল। দেবলীনা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। তৃণমূল সূত্রে খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দলের ভরাডুবির জেরেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলীনা।

রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের ছোট-মেজো-বড় অনেক নেতাই ‘বেসুরো’! তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকও এড়িয়ে যাচ্ছেন অনেকে। কেউ কেউ প্রকাশ্যেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। দলীয় পদ ছাড়তে শুরু করেছেন অনেকে। এ বার পুরসভার পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত-অরূপ।


এই বিভাগের আরো খবর