পাকিস্তানে তিনটি ম্যাচ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান বনাম বাংলাদেশ এবং আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। প্রথম দুটি ম্যাচ তো পরিত্যক্ত হয়েছিল কোনও বল না হয়েই। তবে দুবাইয়ের খেলায় বৃষ্টি নাক গলায়নি। তবুও ফাইনালের জন্য আইসিসি রিজার্ভ ডে রেখেছে। যদি প্রতিকূল আবহাওয়া বাগড়া দেয়! সেক্ষেত্রে রবিবার ম্যাচ পূর্ণ না হলে রিজার্ভ ডে রাখা হয়েছে সোমবার। অবশ্য নির্ধারিত ও রিজার্ভ ডের দিনে খেলা শেষ করতে বাড়তি দুই ঘণ্টা বরাদ্দ রাখা হয়েছে।তবে ম্যাচের ফল বের করতে হলে দুই ইনিংসেই অন্তত ২৫ ওভার করে খেলা হতে হবে, যেটা গ্রুপ পর্বে ছিল ২০ ওভার।
খেলা শেষ না করেই রিজার্ভ ডেতে ম্যাচ চলে গেলে নতুন করে শুরু হবে না। আগের দিনের শেষ বল থেকে শুরু হবে খেলা। আর ফাইনাল যদি কোনোভাবেই শেষ না করা যায়, মানে পরিত্যক্ত হয়- তাহলে দুই ফাইনালিস্ট ট্রফি ভাগাভাগি করবে। অবশ্য অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী আগামী রবিবার দুবাইয়ের আবহাওয়া থাকবে পরিষ্কার। এখন পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রা উঠতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। আংশিক রৌদ্রোজ্জ্বল ও তাপদাহ থাকবে।







