শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

জিটিএ সিক্সের লুসিয়া হয়ে আলোচনায় কে এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর ১৯ নভেম্বর মুক্তি পেয়েছে বহুল আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ সিক্স)। গেমটি মুক্তির পরপরই আলোচনায় এসেছে এর অন্যতম প্রধান চরিত্র লুসিয়া ক্যামিনোস। চরিত্রটি নিয়ে গেমারদের কৌতূহলের পাশাপাশি আগ্রহ তৈরি হয়েছে এর কণ্ঠশিল্পীকে ঘিরেও। কারণ, লুসিয়ার কণ্ঠে রয়েছেন অভিনেত্রী ম্যানি এল. পেরেজ, যিনি টেলিভিশন ও বিনোদন জগতের একজন পরিচিত নাম। 

‘জিটিএ’ সিরিজের ইতিহাসে প্রথম নারী প্রধান চরিত্র লুসিয়া। ফলে চরিত্রটি নিয়ে গেমারদের মধ্যে শুরু থেকেই আগ্রহ দেখা গেছে। মুক্তির পর সামাজিক মাধ্যমেও লুসিয়াকে নিয়ে আলোচনা চলছে। চরিত্রটির জনপ্রিয়তার পাশাপাশি প্রশংসা পাচ্ছেন এর কণ্ঠশিল্পী পেরেজও। আবার লুসিয়ার চেহারার মাঝেও অভিনেত্রীর চেহারা খুঁজে পাচ্ছেন বলে মত অনেকের।

জিটিএ ফ্র্যাঞ্চাইজিতে পেরেজের কাজের অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’-এর ব্যাকগ্রাউন্ডে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়া ‘গ্র্যান্ড থেফট অটো অনলাইন’-এ ব্ল্যাকজ্যাক ডিলারের চরিত্রেও রয়েছে তার কাজ।

টেলিভিশন সিরিজে পেরেজের কাজের পরিধি দীর্ঘ। মার্ভেলের সিরিজ ‘জেসিকা জোন্স’-এ দেখা গেছে তাকে। এ ছাড়া ২০১৮ সালে ‘দ্য ব্ল্যাকলিস্ট’, ২০১৯ সালে ‘শিকাগো পিডি’ এবং ২০২০ সালে ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিমস ইউনিট’-এ অভিনয় করেন তিনি। শেষের সিরিজটিতে একটি জিমের বক্সারের চরিত্রে ছিলেন এই অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর