রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।কমলাপুর রেওলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, জুরাইন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা বেলা ১১টা থেকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেন। ফলে ১১টা থেকে আমরা ওই লাইনে কোনো ট্রেন চলাচল করতে পারছি না। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) মহাখালী রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের অবরোধে ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন ও সব ধরনের যান চলাচল ৷ এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এদিন মহাখালীতে বেলা ১১টার দিকে রিকশাচালকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে রিকশাচালকরা রেললাইনের পাথর দিয়ে মহাখালী এসকেএস শপিং মল, রাওয়া ক্লাব ও সিটি ব্যাংকের একটি এটিএম বুথ ভাঙচুর করে।এর আগে গত সোমবার তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীর আরজতপাড়ায় রেললাইন অবরোধ করেন। এ সময় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ওই ট্রেনের নারী-শিশুসহ অনেক যাত্রী আহত হন।
