রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

টাকার খেলা-সন্ত্রাস বন্ধ না হলে ব্যর্থ হবে নির্বাচন: সাইফুল হক

ডেস্ক নিউজ :
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘নির্বাচনে টাকার খেলা, সন্ত্রাস, গুন্ডামি ও প্রশাসনিক ম্যানিপুলেশন বন্ধ না হলে নির্বাচনের উদ্দেশ্যই ব্যর্থ হবে।’ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা বলেন। দুপুর ১২টা ১৫ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হওয়া এই বৈঠকে পার্টির সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচন যারা নষ্ট করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আচরণবিধি চূড়ান্তের আগে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া জরুরি।’

তিনি জাতীয় সংসদ নির্বাচনকে ‘অলাভজনক’ করার প্রস্তাব দিয়ে বলেন, ‘নির্বাচনকে যদি লাভের কেন্দ্র হিসেবে রাখা হয়, তাহলে সেখানে টাকা আর পেশিশক্তির আধিপত্য থাকবেই। এই দৌড় বন্ধ করতে নির্বাচনকে অলাভজনক করতে হবে।’

বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা অধিকাংশ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন বলে জানান সাইফুল হক।

প্রতিনিধিদলে আরও ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।


এই বিভাগের আরো খবর