সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সমমনা জোট ও লেবার পার্টি

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় জাতীয়তাবাদী সমমনা জোটের ১১টি দল ও বাংলাদেশ লেবার পার্টি। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির ও এনপিপি, বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করে।এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দল দুইটির প্রধান এই প্রত্যাশা প্রকাশ করেন।

এরপর জাতীয়তাবাদী সমমনা জোটের সিনিয়র নেতারা বিএনপির সঙ্গে বৈঠক করে। পরে জোটের প্রধান ও এনপিপি’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এক দফা দাবিতে। সেটি হলো শেখ হাসিনার পতন এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন। আমাদের একটা দফা অলরেডি জয়ী হয়েছি। এখন হচ্ছে নির্বাচনের ব্যাপারটা। নির্বাচনের জন্য ইলেকশন কমিশন ইতোমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছে যে, জুনের ভেতর তারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছে, এবং সংস্কার কমিশনও বলেছে মে মাসের শেষের দিকে তারা সংস্কার শেষ করবে। এখন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার দরকার। সেই জনগণের প্রতিনিধিত্ব সরকার করতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচনটা আমরা ডিসেম্বরের মধ্যে চাই। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা কয়েকবার বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আবার তিনি এখন বলেছেন, ডিসেম্বর টু জুন। এরমধ্যে ফেব্রুয়ারি মাসে আমাদের রোজা, তারপর মার্চের শেষে পরীক্ষা আছে। এপ্রিল-মে মাসে এ দেশে বর্ষা আবহাওয়ার কারণে নির্বাচন সম্ভব না। তাই আমরা চাই ডিসেম্বরের ভেতর নির্বাচন হোক এবং নির্বাচনের জন্য এই সরকার একটা রোডম্যাপ দিক।

প্রসঙ্গত, ১১টি দল নিয়ে জাতীয়তাবাদী সমমনা জোট। এই জোটে রয়েছে— ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাগপা (খন্দকার লুৎফুর), ডেমোক্রেটিক লীগ (ডিএল), বাংলাদেশ ন্যাপ, বিকল্প ধারা (নুরুল আমিন), সাম্যবাদী দল, গণদল, ন্যাপ-ভাসানী, ইসলামী ঐক্যজোট, পিপলস লীগ ও বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির লিয়াঁজো কমিটি প্রধান ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমানসহ জোটের নেতা।


এই বিভাগের আরো খবর