নেপাল এনিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপে অংশ নিচ্ছে। ২০২৩ সালে তারা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নিয়েছিল। আগামী বছর মাঝামাঝি সময়ে বাংলাদেশের মাটিতে এশিয়ার শীর্ষ ক্রিকেট প্রতিযোগিতা হবে।
আজ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতে এশিয়া কাপের টিকিট কেটেছে নেপাল। কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে ৯ উইকেটে ৩১৩ রান করে নেপাল।
ওপেনার আসিফ শেখ ১০৬ বলে ১০২ রান করে শক্ত ভিত গড়েন। তারপর রোহিত পাউডেল (৪০) ও গুলশান ঝা (৫২) ভালো অবদান রাখেন। আমিরাতের হয়ে সেরা বোলিং করেন ইবরার আহমেদ। ৬২ রানে চার উইকেট নেন তিনি।
বড় লক্ষ্যে নেমে তানিশ সুরি ভালো শুরু এনে দেন। ২৮ বলে ৪২ রান করেন তিনি। তবে করন কেসি ও ললিত রাজবংশীর দুর্দান্ত বোলিংয়ে পেরে ওঠেনি তারা। দুই বোলার যথাক্রমে তিন ও দুটি উইকেট নেন ৪৯ ও ৪৩ রান খরচায়। রাহুল চোপড়ার অপরাজিত ১০০ ও সোহাইব খানের ৫২ রানের ইনিংসে কেবল ব্যবধান কমাতে পেরেছে তারা। আমিরাতকে ২৬৯ রানে অলআউট করে ৪৪ রানে জিতে এশিয়া কাপে জায়গা করে নেয় নেপাল। সিরিজে ১৭ উইকেট নিয়ে সেরা হয়েছেন সন্দীপ লামিছানে।