রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

থানার সামনে নেচে ভিডিও করা আ.লীগ নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে থানা ভবনের সামনে নাচানাচি করে ভিডিও ধারণ ও টিকটকে প্রচারের কয়েক ঘণ্টার মধ্যে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দুপুরে আদালতে হাজির করা হয়। গ্রেফতার নারীর নাম শিউলি বেগম (৪০)। তিনি নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশিদের স্ত্রী। তবে বর্তমানে তিনি বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর মহল্লায় বাস করেন।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে শিউলি বেগমের একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভাইরাল হয়। ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি ধারণ করা হয়েছে বড়াইগ্রাম থানা ভবনের প্রধান ফটকের সামনে। সেখানে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে…’ গানের তালে তালে তাকে নাচতে দেখা যায়।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। আমরা লোকজনের মারফত ভিডিওটির খবর পেয়েছি। তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’


এই বিভাগের আরো খবর