রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে ভাঙলো আত্রাই নদীর বাঁধ, প্রভাব পড়বে বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

পশ্চিমবঙ্গের বালুরঘাটে আত্রাই নদীতে মাত্র চার মাস আগে নির্মিত হয়েছিল স্বল্প উচ্চতার বাঁধ। মঙ্গলবার (২০ মে) পানির তোড়ে ভেঙে ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সেই বাঁধ। ফলে আতঙ্কে সময় পার করছেন নদী পাড়ের বাসিন্দারা।আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটি ভারতে আত্রেয়ী নদী নামেও পরিচিত। বন্যা মোকাবিলায় গত বছর এই নদীতে বাঁধ দেওয়ার কাজ শুরু করে ভারত।

কিন্তু কাজ চলাকালে গত ফেব্রুয়ারিতে বন্যার পানির তোড়ে বাঁধ ভেঙে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে মেরামতের কাজ হয় তড়িঘড়ি করে। কিন্তু সেই কাজ শেষ হওয়ার পর মঙ্গলবার মেরামত হওয়া অংশই ফের ভেঙে গেছে।

এই ঘটনার পরপরই আত্রাই নদীর বাঁধ পরিদর্শনে যান দক্ষিণ দিনাজপুরের বিজেপির সংসদ সদস্য তথা রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, এর আগেও একবার এই নদীর বাঁধ ভেঙেছিল। আবার আরেকটি অংশ ভেঙে গেছে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এই বাঁধ তৈরির সময় চরম দুর্নীতি হয়েছে।

এমন রাজনৈতিক মন্তব্য-পাল্টা মন্তব্যের মধ্যে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আত্রাই পাড়ের বাসিন্দারা। বাঁধের দ্রুত সংস্কার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।


এই বিভাগের আরো খবর