গতকাল (মঙ্গলবার) রাত সোয়া ১১টায় দুর্বার রাজশাহী তরফ থেকে জানানো হয়েছিল, আজ বুধবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবেন তারা। অনুশীলন শুরু করার নির্দিষ্ট সময়ের ঠিক ১০-১২ মিনিট আগে দলের পক্ষ থেকে জানানো হয়, দুর্বার রাজশাহী তাদের অনুশীলন বাতিল করেছে। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, আজ তারা বিশ্রামে থেকেই দিনটা পার করবে।
কিন্তু ম্যানেজমেন্ট থেকে এমনটা জানানো হলেও আসল ঘটনা ভিন্ন। স্থানীয় ক্রিকেটারদের এখনো কোনো পারিশ্রমিক পরিশোধ করেনি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী। বিদেশি কয়েকজন ক্রিকেটার ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। দুই/একজন স্থানীয় ক্রিকেটার ২৫ শতাংশ টাকা পেলেও বাকিদের কেউই তা পাননি। ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট স্থানীয় ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দিয়েছিলেন। কিন্তু সেই চেক বাউন্স হওয়ায় অনুশীলন বর্জন করেছেন রাজশাহীর ক্রিকেটাররা।







