শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

ফারাক্কা বাঁধের জন্য তৎকালীন আ. লীগ সরকার দায়ী: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বিএনপির মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফারাক্কা বাঁধের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। এর জন্য তৎকালীন আওয়ামী সরকার দায়ী। ১৬ মে ‘ফারাক্কা’ দিবসের তাৎপর্য এখনও অত্যন্ত প্রাসঙ্গিক।

১৫ মে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজ থেকে ৪৯ বছর আগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে লাখো জনতা গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল লংমার্চে অংশ নেয়। ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়। এতে করে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। সে এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে।

তিনি বলেন, আমি মনে করি, আজও ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক। আন্তর্জাতিক আইন-কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজেদের অনুকুলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশ নিষ্ফলা উষর ভূমি হয়ে উঠার আলামত ইতোমধ্যেই ফুটে উঠেছে।

তিনি আরও বলেন, ন্যায্য পাওনা আদায়ের সংগ্রামে ১৯৭৬ সালের ১৬ মে মওলানা ভাসানীর নেতৃত্বে জনগণের ঐতিহাসিক মিছিল রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে অকুতোভয় সাহসী পদক্ষেপে এগিয়ে গিয়েছিল। তাই প্রতি বছর ১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ যেকোনও অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে। তিনি ফারাক্কা দিবসের সব কর্মসূচির সাফল্য কামনা করেন।


এই বিভাগের আরো খবর