বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়। জেলা প্রশাসকের বরাত দিয়ে মিডিয়া সেল আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে আবার গণশুনানি করা হবে।
বিষয়টি জাতীয় সংসদেও আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে প্রশ্ন উঠলে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন গণশুনানির মাধ্যমে নামগুলো নির্ধারণ করেছে। সৈয়দপুর ইউনিয়ন সোনাতলা ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ‘সীমান্ত’ এবং দূরবর্তী অবস্থানের কারণে অন্য ইউনিয়নের নাম ‘দিগন্ত’ রাখা হয়েছে। তার ভাষায়, ‘মিরাকেলি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই।’
তবে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩ জুন শিবগঞ্জ উপজেলার এক সভায় উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলম মানিকসহ কয়েকজন নেতা ইউনিয়নগুলোর নামকরণের প্রস্তাব দেন। পরে উপজেলা প্রশাসন সেই নামগুলো জেলা প্রশাসকের কাছে পাঠায় এবং পরবর্তীতে গেজেট জারি করা হয়।
এদিকে নামকরণ নিয়ে বিতর্ক চলমান থাকলেও বৃহস্পতিবার (১৮ জুন) চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মীরবাড়ি ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান, স্বর্ণগ্রাম ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন এবং দিগন্ত ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নবগঠিত ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।