কলকাতায় সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে এক বাংলাদেশি যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। প্রগতি ময়দান থানা এলাকায় বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয়ে পড়ে ছিল ওই যুবকের দেহ। পুলিশ তাঁকে উদ্ধারের পর বংলাদেশি হিসাবে শনাক্ত করেছে। কী ভাবে তিনি ওই এলাকায় গেলেন, কী ভাবে এই মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে যুবককে উদ্ধার করে এবং তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জলে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁর কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। অন্য কোনও সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যুবকের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া নথি থেকেই পুলিশ জানতে পেরেছে যুবকের পরিচয়। বাংলাদেশে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।