একটি সূত্র জানিয়েছে, নেপাল ও ভুটানের মাধ্যমে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।দ্য হিন্দু জানিয়েছে, স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের ‘স্থলবেষ্টিত’ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।এই প্রকল্পের পরিকল্পনা ছিল সরু শিলিগুড়ি করিডরের (চিকেন নেক করিডর) ওপর থেকে নির্ভরতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ বা অন্য উপকরণ আমরা পাঠাচ্ছি না। প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ রুটের অর্থায়ন বন্ধ আছে। প্রকল্প আবার শুরু করতে প্রথমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তবে পরিকল্পনা অনুযায়ী ভারত অংশে প্রকল্পের কাজ চলমান রয়েছে।







