মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

‘বাধা ও হুমকি’ পুরপ্রতিনিধির, ভাঙা গেল না অবৈধ বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

এক দিকে যেখানে বেআইনি নির্মাণ নিয়ে প্রায় প্রতিদিনই একাধিক অভিযোগ জমা পড়ছে কলকাতা পুরসভার দফতরে, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ক্ষোভ উগরে দিচ্ছেন বিরক্ত সাধারণ নাগরিকেরা, সেখানে অভিযোগ, বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে খোদ শাসকদলেরই পুরপ্রতিনিধির কাছে রীতিমতো হেনস্থা হতে হয়েছে পুরসভার বিল্ডিং দফতরের ইঞ্জিনিয়ারদের। এমনকি, তাঁদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, তা হলে কি বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পুর হুঁশিয়ারি ও প্রতিশ্রুতি আসলে স্রেফ লোক-দেখানো? যদি তা না হয়, তা হলে কি অভিযুক্ত পুরপ্রতিনিধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবেন পুর কর্তৃপক্ষ?

পুরসভা সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে মেটিয়াবুরুজের ১৩৭ নম্বর ওয়ার্ডের মসজিদ তালাব লেনে একটি চারতলা বেআইনি নির্মাণ ভাঙতে যান বিল্ডিং দফতরের ইঞ্জিনিয়ারেরা। গোটা বাড়িটাই বেআইনি বলে পুরসভা জানিয়েছে। অভিযোগ, কিছুটা অংশ ভাঙার পরেই স্থানীয় তৃণমূল পুরপ্রতিনিধি ওয়াসিম আনসারি সদলবল ওই বাড়ির ছাদে হাজির হন। উপস্থিত ইঞ্জিনিয়ারদের উদ্দেশে তিনি নাগাড়ে কটূক্তি করতে থাকেন বলে অভিযোগ। তাঁদের মারধরের হুমকিও দেন।

বিজেপির পুরপ্রতিনিধি সজল ঘোষের অভিযোগ, ‘‘টক টু মেয়র অনুষ্ঠানে একাধিক বার বেআইনি বাড়ি নিয়ে মেয়রের তোপের মুখে পড়তে হয়েছে বিল্ডিং দফতরের ইঞ্জিনিয়ারদের। তাঁদের দোষেই নাকি পুরসভা ‘চোরপোরেশন’-এ পরিণত হয়েছে বলে গত শনিবারই মন্তব্য করেন মেয়র। মেয়রকে একাধিক বার বলতে শোনা গিয়েছে, টাকা খান ইঞ্জিনিয়ারেরা। আর দোষ হয় পুরপ্রতিনিধিদের। বেআইনি বাড়ি ভাঙার কাজ পুর ইঞ্জিনিয়ারদের। তাতে পুরপ্রতিনিধির কোনও ভূমিকা নেই। তা হলে পুরপ্রতিনিধি সেই কাজে বাধা দেবেন কেন?’’
অন্য দিকে, বুধবার সিঁথি থানা এলাকার বি টি রোডে একটি চারতলা বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে ফিরে আসতে হয় পুরসভার বিল্ডিং দফতরের কর্মীদের। অভিযোগ, সেখানে জনা ২৫ মহিলা বাসিন্দা পুরসভার কর্মী-ইঞ্জিনিয়ারদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি, এক জন মহিলা নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টাও করতে যান। প্রায় দু’ঘণ্টা ধরে চেষ্টা করার পরে বি টি রোডের বেআইনি বাড়ি না ভেঙেই ফিরে আসতে হয় পুরসভার কর্মীদের।


এই বিভাগের আরো খবর