রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

বিএনপি নেতা পিন্টুকে কারাগারে হত্যার অভিযোগে রাজশাহীতে মামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হত্যার অভিযোগে মামলা হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে পিন্টুর ছোট ভাই নাসিম আহমেদ বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় পিন্টুকে হত্যার ষঢ়যন্ত্র, হত্যা, হত্যায় সহায়তা করা এবং হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সাংসদ শেখ ফজলুল করিম সেলিম সহ ২৭ জনকে আসামি করা হয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, সাবেক হাজী সেলিম ছাড়াও পুলিশের তৎকালীন আইজি, তৎকালীন আইজি প্রিজন, ডিআইজি প্রিজন, কারাগারের তৎকালীন জেলসুপার, জেলারকেও আসামি করা হয়েছে।


মামলায় অভিযোগ করা হয়, ২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকান্ডের বিচার চেয়ে নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু স্থানীয়দের নিয়ে প্রতিবাদ করে। এ কারণে আসামিরা বিডিআর হত্যা মামলায় পিন্টুকে আসামি করে এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করে পঙ্গু করে দেয়। পরবর্তীতে রাজনৈতিক প্রভাবে পিন্টুকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। কারাগারে অসুস্থ পিন্টুর চিকিৎসার জন্য তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনা হাইকোর্টে রিট করলে আদালত ঢাকার নির্দিষ্ট দুটি হাসপাতালে নিয়মিত চিকিৎসার নির্দেশ দেন।
মামলায় দাবি করা হয়, আদালতের নির্দেশ অমান্য করে আাসমিরা পরস্পর যোগসাজসে পিন্টুকে চিকিৎসা না দিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করে। রাজশাহীতেও পিন্টুকে চিকিৎসা দেয়া হয়নি। কারাগার থেকে পিন্টুর অসুস্থতার চিঠি পেয়ে ডাক্তার নিয়ে ২০১৫ সালের ২ মে তার ভাই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে গেলে নিরাপত্তার অজুহাতে কারা কর্তৃপক্ষ তার চিকিৎসা করতে দেয়নি। পরদিন দুপুরে কারাগারে পিন্টুর মৃত্যু হয়।


এই বিভাগের আরো খবর