সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বেলুচিস্তানে সেনা অভিযানে টিটিপির অন্যতম শীর্ষ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ জেলায় সেনা ও নিরাপত্তা বাহিনীর এক অভিযানে নিহত হয়েছেন পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি) অন্যতম শীর্ষ কমান্ডার আদিল শাহ ওরফে দরবেশ। আদিলের মাথার দাম ২৫ লাখ রুপি ঘোষণা করেছিল পাকিস্তানের সরকার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র।

টিটিপিকে পাকিস্তানে প্রশাসনিকভাবে ‘ফিৎনা আল খারিজ’ নামে সম্বোধন করা হয়। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, নিহত আদিল ওরফে দরবেশ ২০২০ সালের ডিসেম্বরে টিটিপিতে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই গোষ্ঠীর গুরুত্বপূর্ণ পদে যেতে সক্ষম হন। ২০২৪ সালে টিটিপির আর্থিক বিষয়গুলো দেখাশোনা করার দায়িত্ব পান আদিল, পাশাপাশি বেলুচিস্তানের ঝোব, শেরানি ও শাবান জেলায় বাইরের এলাকা থেকে আসা জঙ্গিদের থাকার ব্যবস্থাও করে দিতেন তিনি।

নিহত এই জঙ্গি কমান্ডার ২০২২ ও ২০২৩ সালে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং মুক্তিপণের দাবিতে অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র। আরও জানা গেছে, এই জঙ্গি কমান্ডারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আদালতে ১৯টি মামলা দায়ের করা হয়েছিল। এছাড়া তাকে ধরিয়ে দেওয়ার তথ্যের বিনিময়ে ২৫ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

২০২৬ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানে গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক জঙ্গি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। ইসলামাবাদ বারবার কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে যেন আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে কোনো জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের ভেতরে হামলা চালাতে না পারে।

পাকিস্তানের দাবি, আফগান তালেবান প্রশাসন পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর হামলাকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

বেশ কয়েক দফা আলোচনার পরও ইসলামাবাদ ও কাবুল তাদের মধ্যকার মতপার্থক্য দূর করতে পারেনি। আফগানিস্তানের মাটি ব্যবহার করে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টি উভয় পক্ষের মধ্যে এখনো বড় বিরোধের কারণ হয়ে রয়েছে। সূত্র : জিও নিউজ


এই বিভাগের আরো খবর