সেখানে আরও বলা হয়, ‘আজ বীর চট্টলা থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই যে কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটির জন্য কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক থেকে অবশ্যই হাসনাত আবদুল্লাহ ভাই দায়ী। তাই এ কমিটি অতি দ্রুত বাতিল করার আলটিমেটাম দিচ্ছি। যদি কোনও কারণে এ কমিটি বাতিল না করে উল্টো তাদের সুযোগ করে দেওয়া হয় তাহলে আমরা হাসনাত আবদুল্লাহকে বীর চট্টলায় অবাঞ্ছিত ঘোষণা করবো।’
সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল বাছির নাঈম তিন দফা দাবি তুলে ধরে বলেন, ১. বিকাল ৩টার মধ্যে বিতর্কিত কমিটি বাতিল করে তিন দিনের মধ্যে অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করতে হবে, ২. অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, ৩. কমিটি গঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। এই দাবিগুলো না মানলে সড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়।
ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সংগঠনটির একাংশের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে দেখা যায়, নগরের লালখান বাজার মোড়ে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সড়কের ওপর বসে কমিটি বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। বিকাল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লালখান বাজার মোড়ে বন্দরগামী সড়কটি বন্ধ রয়েছে। এতে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।







