সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

‘ভাইপো ট্যাক্স’ কী, বন্ধ করতে কেন মরিয়া শুভেন্দু সরকার

আন্তর্জাতিক নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

তৃণমূল কংগ্রেসের (টিএমসি) শাসন আমলে মহাসড়কগুলোতে অবৈধ চেকপোস্ট বসিয়ে এই ধরনের চাঁদাবাজি বা তোলাবাজি নিত্যদিনের নিয়মে পরিণত হয়েছিল। অবশেষে বুধবার, নিজেদের দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবগঠিত বিজেপি সরকার এই অবৈধ চাঁদাবাজিদের বিরুদ্ধে অভিযান বা ক্র্যাকডাউনের নির্দেশ দিয়েছে।

এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি দাবি করেছিলেন, আসাম ও বাংলার মধ্যে যাতায়াতকারী ট্রাকচালকরা প্রায়ই তাঁর কাছে ‘অভিষেক ট্যাক্স’ দেওয়ার বিষয়ে অভিযোগ করতেন। শর্মা বলেছিলেন, আমি প্রায়ই ট্রাকচালকদের জিজ্ঞেস করি জিনিসপত্রের দাম কেন বাড়ছে। তখন শিলিগুড়ির মানুষ আমাকে বলে যে, প্রতিটি ট্রাকের জন্য সেখানে ‘অভিষেক ট্যাক্স’ নামে কিছু একটা দিতে হয়।

দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই বিজেপি সরকার এই তোলাবাজ চক্র এবং তথাকথিত ‘ভাইপো ট্যাক্স’-এর ওপর কঠোর চাবুক চালিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন মহাসড়কের সমস্ত অবৈধ কালেকশন পয়েন্ট ভেঙে ফেলতে এবং সেগুলো যাতে আর কখনও ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতে।

গত কয়েক বছরে বাংলার সীমান্ত পারাপার এবং মহাসড়কগুলো ‘ভাইপো ট্যাক্স’ এবং ‘ডান্ডা ট্যাক্স’-এর জন্য কুখ্যাত হয়ে উঠেছিল। বিশেষ করে ঝাড়খণ্ড-আসাম-বাংলা রুটের মহাসড়কগুলোর বিভিন্ন এলাকায় বাঁশের ব্যারিকেড দিয়ে অবৈধ চেকপোস্ট গজিয়ে উঠেছিল। লাঠিসোঁটায় সজ্জিত সিন্ডিকেটের প্রভাবশালী ব্যক্তি ও তাদের গুন্ডাবাহিনী এই প্রতিটি চেকপোস্ট নিয়ন্ত্রণ করত।

ট্রাকচালকদের জন্য এটি ছিল একটি দুঃস্বপ্ন, কারণ তাঁদের পকেট থেকে জোর করে টাকা খসানো হতো। টাকা না দেওয়ার কোনও উপায় ছিল না। যারা তর্ক করতেন, তাঁদের হয়রানি বা হুমকি দেওয়া হতো এবং টাকা না দেওয়া পর্যন্ত এই মানসিক নির্যাতন চলত। টাকা দিতে রাজি না হলে গাড়ির উইন্ডো স্ক্রিন বা কাঁচ ভেঙে দেওয়া হতো, চাকা ফুটো করে দেওয়া হতো এবং গাড়ির ক্ষতি করা হতো। এর ফলে যাতায়াতে যেমন দেরি হতো, তেমনি ট্রাকচালকদের উপার্জনেও বড় ধস নামতো।

পূর্ব ভারত, উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশকে সংযোগকারী একটি প্রধান লজিস্টিক হাব হওয়ায় পশ্চিমবঙ্গ দিয়ে প্রতিদিন প্রায় ৫০,০০০ ট্রাক চলাচল করে। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার মতো জেলাগুলোর ওপর দিয়ে যাওয়া মহাসড়কগুলো। রমেশ নামের এক ট্রাকচালক টাইমস অব ইন্ডিয়াকে বলেন, প্রতি কয়েক কিলোমিটার পরপর বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানো হতো। রসিদ চাইলে তারা হিংস্র হয়ে উঠতো। টাকা দিতে অস্বীকার করলে গাড়ির লুকিং গ্লাস ভেঙে দিত কিংবা টায়ার ফুটো করে দিত। সূত্র: ইন্ডিয়া টুডে


এই বিভাগের আরো খবর