এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চেলসি ও এএফসি বোর্নমাউথকে টপকে টেবিলের চারে উঠে গেলো ম্যানসিটি। আর ৪১ পয়েন্ট নিয়ে সাতে নামলো নিউক্যাসেল।
১৯তম মিনিটে মারমৌশ সিটির জার্সিতে প্রথম গোলের দেখা পান। গোলকিপার এডারসনের লম্বা পাস আটকাতে গিয়ে তালগোল পাকান নিউক্যাসেল ডিফেন্ডার কিয়েরান ট্রিপিয়ার। বল পান মিশরীয় ফরোয়ার্ড। প্রতিপক্ষ কিপার মার্ট্নি দুব্রাভকাকে এগিয়ে আসতে দেখে তার মাথার ওপর দিয়ে বল তুলে দেন। মাপা শটে বল জালে জড়াতে কোনও সমস্যা হয়নি।
পাঁচ মিনিট পর মারমৌশ ব্যবধান দ্বিগুণ করেন। ইলকায় গুন্ডোয়ানের পাসে তিনি লক্ষ্যে নিচু শট নেন। ট্রিপিয়ারের গায়ে হালকা লেগে বল ঠিকানা খুঁজে পায়। এই স্ট্রাইকার ৩৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। সাভিনিয়ো বাঁ পাশ থেকে বল দেন বক্সের মধ্যে। ফাঁকায় বল পেয়ে ১২ গজ দূর থেকে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি। নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে ম্যাকঅ্যাটি দলের চতুর্থ গোল করেন।







