শীতের দিনে ঘন, মসৃণ ক্রিমের মতো মাশরুম স্যুপ খেতে অনেকেরই ভাল লাগে। কিন্তু বাড়িতে স্যুপ বানালেও রেস্তরাঁর মতো স্বাদ হচ্ছে না? তা কখনও বেশি পাতলা হয়ে যাচ্ছে, কখনও আবার ঘন? কী ভাবে রান্না করলে রেস্তরাঁর মতো ঘন, মোলায়েম ভাব আসবে স্যুপে, আর খেতেও ভাল লাগবে?
সময় নিয়ে ভাজুন: মাশরুম ঠিক ভাবে না ভাজলে স্যুপের স্বাদ ঠিকঠাক হবে না। মাশরুমের ভিতরে জল থাকে। ভাজার সময় সেই জল বেরিয়ে আসে। প্রথম ২-৩ মিনিট তাই বেশি আঁচে ভাজতে হবে, যাতে জল বেরোলেও দ্রুত শুকিয়ে যায়। মাশরুমে হালকা বাদামি রং না ধরা পর্যন্ত আঁচ কমিয়ে ভাজুন।
ময়দা: স্যুপ ঘন এবং মোলেয়ম করতে হলে মাশরুম কড়াইয়ে নাড়াচাড়ার সময় কিছুটা ময়দা যোগ করতে পারেন। এতে মাশরুমে থাকা জল টেনে নেবে ময়দা। আবার স্যুপ রান্নার সময় তা ট্যালটেলে হয়ে যাবে না।
ক্রিম: মাশরুম স্যুপে শুধু জল নয়, ব্যবহার করুন মাপমতো ঘন দুধও। আর একেবারে শেষ ধাপে ফেটিয়ে নেওয়া ক্রিম ছড়িয়ে দিতে ভুলবেন না।