আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ মেধার রাজনীতিতে বিশ্বাস করে না। প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে। তাই তাদের ব্যাপারে পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিজেপি চেয়ারম্যান বলেন, আমাদের মনে রাখতে হবে— স্পেশাল ক্রিমিনালের জন্য স্পেশাল আইন থাকতে হবে। সাধারণ আইন দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করা যাবে না।
আন্দালিব রহমান পার্থ আরও বলেন, গত ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ভিত্তি হিসেবে মানুষের ভালোবাসা নয়, বা ভোটও নয়, ছিল ভীতি। গত ১৭ বছর গুম-খুন করে মানুষকে ভয়ের মধ্যে রেখেছিল। কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করতে পারেনি, এ ভীতিটা এক সময় ঘৃণায় রূপান্তরিত হবে। বুঝতে পারেনি এটি গণঅভ্যুত্থানে গিয়ে ঠেকবে। আমি আরেকটি কথা সবসময় বলি, আমি বিশ্বাস করি—তাই আমি বলি। কত বড় একটি রাজনৈতিক দল, কীভাবে বাংলাদেশের মানুষের মন থেকে উঠে গেলো। কেমনভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসেবে পরিণত হলো।
বাংলাদেশের ইতিহাসে আর কোনও রাজনৈতিক দলের এমন পতন হয়নি। এমনকি এরশাদের পতনের দুই দিনের মাথায়ও তাদের নেতারা মাঠে ছিলেন।অথচ আজকে ১০ মাসের মাথায় আওয়ামী লীগ একটি মুরগির খোপ থেকে বের হয়েও নিজেদের পরিচয় দিতে পারেনি।
পার্থ বলেন, আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন, তাদেরকে আওয়ামী লীগের বৈঠা হাতে রাখতে হবে। মনে রাখতে হবে, আমরা আর যাই করি—আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে যেন ওঠে না যাই।একটি রাজনৈতিক দল কীভাবে একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজে পরিণত হয়, তা চিন্তার বিষয়।
তিনি বলেন, বিএনপিকে ছোট্ট একটি অনুরোধ করবো—যদি বিএনপি সামনে ক্ষমতায় যায়, গত ৯ মাসে বিএনপির মধ্যে দেখেছি, সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা। আমি এটিকে সাধুবাদ জানাই।তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।






