মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

যে কারণে একদিন পরই বদলে গেল বিসিবির মুখপাত্র

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সবশেষ বিসিবির নির্বাচনে কারচুপির প্রমাণ পাওয়ায় গতকাল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেয় এনএসসি। এরপর তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। যার প্রথম সভা অনুষ্ঠিত হয় গতকাল। পরে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন বিসিবির মুখপাত্রের ভূমিকায় থাকবেন তানজিল চৌধুরি। 

তবে আজ বুধবার দ্বিতীয় সভা শেষে জানা গেল তানজিল চৌধুরি এই দায়িত্বে থাকছেন না। তিনি বলেন, ‘গতকাল একটা কথা বলেছিলাম যে আমাদের মধ্যে একজন স্পোকসপারসন হবেন, উনি (তানজিল চৌধুরী) আজকে মিটিং শেষে আমাকে অনুরোধ করেছেন, যেহেতু উনি বেশ ব্যস্ত মানুষ, উনার জায়গায় অন্য কাউকে নিয়োগ করা হয় তাহলে ভালো হয়। পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে স্পোকসপারসন কে হবেন।’

এ দিকে আজকের সভায় বেশ কিছু কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তবে প্রকাশিত হয়নি মিডিয়া কমিটির চেয়ারম্যানের নাম। বর্তমান এডহক কমিটির এক সদস্য ঢাকা পোস্টকে জানিয়েছেন, যিনি স্পোকসপারসন হবেন তিনি দায়িত্ব সামলাবেন মিডিয়া কমিটির। দ্রুত জানা যাবে মিডিয়া কমিটির চেয়ারম্যানের নাম।

গতকাল তামিম বলেছিলেন, ‘আপনাদের সাহায্য আমার বেশি দরকার। আপনারা অনেক বড় অংশীদার এটা আমিও মনে করি, সাংবাদিকরা সবচেয়ে বড় অংশীদার। আমরা গত অনেক বোর্ডে দেখেছি যে, বিভিন্ন বোর্ড পরিচালক বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন। সেখান থেকে সরে এসে আমরা একজন স্পোকসপারসন ঠিক করেছি। বোর্ডের যেকোনো ব্যাপারে দয়া করে তার সাথে কথা বলবেন।’


এই বিভাগের আরো খবর