সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু। তিনি বলেন, ‘ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য রাজশাহী এনসিপিকে নিয়ে যে নোংরামি চলছে, সেটি আমরা বরদাশত করবো না। আমাদের ক্লিয়ার মেসেজ, জাতীয় নাগরিক পার্টি আপনারা রাজশাহীতে প্রতিষ্ঠিত বা পরিচিত করেননি। এনসিপি প্রতিষ্ঠায় আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার প্রতিটি ভাইয়ের শ্রম, ঘাম, পরিশ্রম ও ত্যাগ রয়েছে। দলটিকে সামনে রেখে নোংরামি বন্ধ করুন। তা না হলে, কালো শক্তির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করা হবে এবং তাদের রাজশাহী থেকে বিতাড়িত করা হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিকে নষ্ট কইরেন না প্রিয় অভিভাবকবৃন্দ। আমরা তরুণ প্রজন্ম রাজশাহীতে এনসিপি নিয়ে সম্ভাবনা ও সুন্দর স্বপ্ন দেখি। ব্যক্তি স্বার্থের জন্য দলটাকে ধ্বংস করবেন না। কেন্দ্রের কাছে অনুরোধ রাজশাহী জেলা কমিটি যোগ্যতার ভিত্তিতে পুনঃমূল্যায়ন করবেন এবং যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলো সমাধান করবেন। অন্যথায় আমাদেরকে ছুটি দেবেন। আমরা কোনও কালো শক্তি, লোভ লালসা ও ক্ষমতার চেয়ারের জন্য নিজেদের আদর্শকে বিসর্জন দিতে চাই না।’
প্রসঙ্গত, এনসিপির রাজশাহী জেলা কমিটি ঘোষণার পর থেকে দলটির একটি অংশ আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগে জেলার আহ্বায়ক সাইফুলকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে কর্মসূচি ও পাল্টা কর্মসূচির মধ্য দিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজশাহী জেলা ও মহানগর। এসব ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাঁচ জনকে বিশৃঙ্খলার দায়ে শোকজও করেছে। শোকজের পরদিনই সংবাদ সম্মেলন করলো জেলা এনসিপির একাংশ।







