মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

রাজশাহীতে কখন কোথায় ঈদুল আজহার জামাত হবে, দেখুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪

বিভাগীয় শহর রাজশাহীতে প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে । তবে বৃষ্টি হলে বা আবহাওয়া অনুকূল না থাকলে একই সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদে। হযরত শাহ মখদুম (রহ.) দরগা স্টেটের তত্ত্বাবধায়ক মো. মোস্তাফিজুর রহমান প্রধান ঈদ জামাতের এ তথ্য নিশ্চিত করেন। মোস্তাফিজুর রহমান বলেন, কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন মহানগরীর হেতমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইয়াকুব আলী। তাকে সহযোগিতা করবেন রাজশাহী শাহ মখুদম কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহ।

তিনি  বলেন জামে মসজিদ নামাজ আদায় করতে হলে মুসল্লিদের ভীড় অনুয়ায়ী ৪৫ মিনিটের ব্যবধানে ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। আর দরগা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হলে প্রথমটিতে ইয়াকুব আলী ও দ্বিতীয়টিতে মোহাম্মদ মুহিব্বুল্লাহ ইমামতি করবেন।

এদিকে রাজশাহীতে ঈদের দ্বিতীয় বৃহত্তম প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় ও সকাল ৮টায় মহানগর (টিকাপাড়া) ঈদগাহে। এখানে ইমামতি করবেন মোহাম্মদপুর টিকাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মতিউর রহমান। এখানে দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হবে ৮টায়। আর বৃষ্টি হলে একই সময় পাশে থাকা টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে পরপর ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে।

আর সকাল ৮টায় মহানগরীর তৃতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে (বড় রাস্তায়)। এখানে ইমামতি করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান নিজামী। তবে আবহাওয়া খারাপ থাকলে বা বৃষ্টি হলে একই সময় বড় মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী জানিয়েছেন, ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে সবখানেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ঈদের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ রাজশাহী মহানগরীর ঈদগাহগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।

এদিকে আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে এবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া এদিন সরকারি ভবন ও সড়কসমূহ বিশেষভাবে সজ্জিত থাকবে।

ঈদের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী কেন্দ্রীয় কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

 


এই বিভাগের আরো খবর