বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

রাজশাহীতে চুরির ১২ লাখ টাকা উদ্ধার, চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

জেলার দুর্গাপুর থানা পুলিশ চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ মাহফুজ আহম্মেদ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দুর্গাপুর থানাধীন পাচুবাড়ি বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহফুজ দুর্গাপুরের গোপিনাথপুর খাঁস খামার গ্রামের মাহবুব রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযোগকারী জাহাঙ্গীর আলম দুর্গাপুরের বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি দুর্গাপুর জনতা ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলন করে নিজ বাড়িতে ফেরেন। টাকাগুলো তিনি তার ব্যক্তিগত গাড়ির (প্রাইভেটকার) ভেতরে রেখে গাড়িটি তালাবদ্ধ করে বাড়ির দ্বিতীয় তলায় যান। ওই সময় তার বাড়িতে নির্মাণকাজ চলছিল।

পরবর্তীতে দুপুর পৌনে ৩টায় তিনি গ্যারেজে গিয়ে দেখেন গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা এবং ভেতরে রাখা নগদ ১২ লাখ টাকা নেই। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে মঙ্গলবার দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন মামলার পরে দুর্গাপুর থানা পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীধরপুর সংলগ্ন পাচুবাড়ি বাজার থেকে অভিযুক্ত মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজ টাকা চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যানুযায়ী, বাদীর বসতবাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতর লুকিয়ে রাখা শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মাহফুজ আহম্মেদকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এতথ্য নিশ্চিত করে বলেন, এক ব্যক্তির চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর