মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ॥ সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীর পুঠিয়ার বিড়লদহ এলাকায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির নেতার উপর হামলা ছুরিকাঘাত ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হসাপাতালে ভর্তি করা হয়। রোববার বেলা সাড়ে এগারটার দিকে রাজশাহী নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল। তার নিকট টিসিবি কার্ডের ভাগ চান পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মীরা। এরই জেরে রোববার এগারটার দিক রফিকুলকে মহাসড়কের উপর ঘিরে ধরে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে শিমুলের সমর্থকরা। এসময় স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জুম্মার সমর্থকরা। শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রফিকুল ইসলামের উপর হামলার প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করেন বিএনপির একাংশ। দুই পাশে দুই কিলোমিটার যানজট তৈরি হয়। শত শত গাড়ি আটকা পড়ে। পরে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়ে আবরোধ তুলে দিলে সড়কে যান চলাচল শুরু হয়।
রাজশাহী পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, গাড়ী চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর