রাজশাহীতে ১৭ লাখ ৯২ হাজার টাকা কুড়িয়ে পেয়েছেন শিক্ষার্থীরা। পরে ওই টাকা থানায় জমা দেওয়া হয়েছে।
আজ রবিবার ভোর ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলির ভেতর ব্যাগভর্তি এই টাকা পড়ে ছিল। বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী নগরীর বোয়ালিয়া থানায় গিয়ে টাকাগুলো জমা দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ টাকাগুলো গ্রহণ করেন।
টাকার ব্যাগের সঙ্গে সোনালী রঙের একটি রহস্যজনক ধাতব বস্তু পাওয়া গেছে। এই ধাতব বস্তুটিতে ১৮টি ছিদ্র আছে। পুলিশ বলছে, এই টাকা কোথা থেকে ভদ্রা এলাকার ওই গলির ভেতর এলো তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।