রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

রাজশাহীর মোহনপুরে বেলগাছি পূর্বপাড়া এলাকায় এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে যাত্রীর বিরুদ্ধে। নিহত ভ্যান চালক আলম (৪৪) উপজেলার বেলগাছি গ্রামের মো. আশরাফ এর ছেলে।

স্থানীয় জানায়, অভিযুক্ত মজিবর রহমান (৫৫) চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এই নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে মজিবুর রহমান ইট দিয়ে ভ্যানচালক আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এসময় আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসি অভিযুক্ত মজিবরকে মোহনপুরে বেলগাছি পূর্বপাড়া পাঠকক্লাবে আটকিয়ে রাখে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে পিটিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা করে। পরে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে জনতার রোষানলে পড়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুইজন পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে মোহনপুর থানা সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে।


এই বিভাগের আরো খবর