রাজশাহী দুর্গাপুর জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল এগারোটার দিকে এই ঘটনা ঘটে। নিহত নারী ফেরদৌসি বেগম তিয়ারকুড়ি গ্রামের জাব্বারের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছে অন্ত:ত ২০জন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানান, জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল এবং তার ওয়ারিশদের বিরোধ চলে আসছিল। এই নিয়ে আদালতে মামলা ও ওই জায়গাতে ১৪৪ ধারা জারি আছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকালে মামুন এবং রিয়াজুল তাদের লোকজন নিয়ে জমি দখল করতে যান। এসময় দুই পক্ষের মধ্যে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে ১৫জনকে উদ্ধার করে দুর্গাপুর থানা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে ফেরদৌসী বেগমকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা। ছুরিকাঘাতে ফেরদৌসির মৃত্যু হয় বলে চিকিৎসক জানায়। এই ঘটনার পর পুলিশ মামুন সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি বলে ওসি দুরুল জানায়।