আগামী জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৫ জুন চিলি এবং ১০ জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। যদিও ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলায় অবশিষ্ট বাছাইয়ের ম্যাচ নিয়ে সেভাবে ভাবতে হচ্ছে না বিশ্বচ্যাম্পিয়নদের। আসন্ন ম্যাচ দুটির একটিতে থাকবেন না দলটির তারকা মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস। ব্রাজিলের ম্যাচ নিয়ে দুটি হলুদ কার্ড দেখায় তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
এর আগে বুধবার ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে হলুদ কার্ড দেখেন রদ্রিগো ডি পল। সেলেসাও মিডফিল্ডার আন্দ্রেকে ফাউল করার সময় তার দুই পাশে ছিলেন ডি পল ও পারেদেস। ম্যাচ রিপ্লেতে দেখা যায় পারেদেসের হাতের আঘাতে পড়ে যান আন্দ্রে। তবে রেফারি ভুলে হলুদ কার্ড দেখান ডি পলকে। যা বিশ্বাসই করতে পারছিলেন না এই তারকা মিডফিল্ডার। পরে ম্যাচ শেষে অফিসিয়াল কার্ডের তালিকায় সেটি শুধরে কার্ড দেখানো হয় পারেদেসের নামের পাশে। যা আলবিসেলেস্তেদের নতুন করে ভাবনায় ফেলে দিয়েছে।