নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আমীর খসরু বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগোতে গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা তৎপরতা আমরা মাঠে দেখতে পাচ্ছি। বিএনপি চাইলে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে রাস্তায় নামতে পারত, কিন্তু আমরা তা করিনি। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি। জোর করে কিছু আদায় করার চেষ্টা করিনি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী।
তিনি বলেন, আগামী নির্বাচনে অংশ নিয়ে প্রতিটি দলেরই ম্যান্ডেট নেওয়ার অধিকার আছে। কিন্তু নানা দাবি তুলে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা ঠিক নয়। রাস্তায় যাওয়ার দিন শেষ- এখন যেতে হবে জনগণের কাছে।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা চাই একটি শান্তিপূর্ণ ট্রানজিশন হোক। যারা সরকারে আছেন, বিশেষ করে ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে- তিনি যেন সম্মানের সঙ্গে দায়িত্ব শেষ করতে পারেন, সেটাই আমরা চাই। কিন্তু কিছু লোকের কর্মকাণ্ডে তা বিঘ্নিত হচ্ছে। তাই আমরা বলেছি, অন্তবর্তী সরকার এখন থেকেই পুরোপুরি কেয়ারটেকার মুডে চলে যাক।
ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান, মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন আলমগীরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।