রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সর্বনিম্ন রানের লজ্জায় ডুবে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার দলীয় সর্বনিম্ন রান কতো? ১৯৮৫ সালে ভারতের বিপক্ষে শারজাহতে মাত্র ১৩৯ রানে অলআউট হয়েছিল তারা। সেটাই ছিল সর্বনিম্ন।৪০ বছর পর আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৫) এশিয়ার মাটিতে আবার লজ্জায় ডুবলো তারা। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে মাত্র ১০৭ রানে অলআউট হয়েছে অজিরা। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে কুসল মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২৮১ রান তোলে। জবাব দিতে নেমে স্পিন জাদুতে ২৪.২ ওভারে মাত্র ১০৭ রানে অলআউট হয় তারা। ১৭৪ রানের বড় জয়ে দুই ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশও হলো স্মিথ-হেডরা।

আজ দুনিথ ওয়েলালাগে ৭.২ ওভারে ৩৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৩ রান দিয়ে নেন ৩টি উইকেট। আরেক বোলার আসিথা ফার্নান্দো ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন আরও ৩টি উইকেট।

বল হাতে অস্ট্রেলিয়ার বেন ডয়ারশুইস, অ্যারোন হার্ডি, শন অ্যাবোট ও অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান কুসল। আর সিরিজ সেরা হন অধিনায়ক আসালঙ্কা।

চ্যাম্পিয়নস ট্রফির আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিল অজিরা। কিন্তু এশিয়ার মাটিতে তাদের সেই প্রস্তুতিটা ভালো হলো না। বরং লজ্জাকে সঙ্গী করে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে পাকিস্তানে যাচ্ছে তারা।


এই বিভাগের আরো খবর