
আজ সকালে পৌনে ১১টার দিকে সুধা সদনে গিয়ে এই প্রতিবেদক দেখেন, ভবনের দোতলায় আগুন জ্বলছে। বাড়িটির সামনে পড়ে আছে ফ্রিজ, খাট, ওয়ারড্রব, সোফাসহ নানা সামগ্রী। নিচতলা থেকে চারতলার বিভিন্ন কক্ষে গিয়ে আগুন ও ভাঙচুরের চিহ্ন দেখা গেছে। কোথাও কোথাও টাইলস খুলে ফেলা হয়েছে। পোড়া গন্ধ চারদিকে।সুধা সদনের নিচ তলার কক্ষ সব পুড়ে ছাই হয়ে গেছে। তোশক, লেপ এসব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কাচের টুকরো পরে আছে অনেক স্থানে। বিভিন্ন তলার জানালার কাচগুলো পরে যাচ্ছে।বাড়িটির সামনে এখন উৎসুক কয়েকশ মানুষের ভিড়।তাদের মধ্যে কেউ কেউ যেসব অক্ষত জিনিসপত্র আছে সেগুলো নিয়ে যাচ্ছে।বেলা ১১টার পরও আইন-শৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি।
ওই এলাকায় দায়িত্বরত ধানমন্ডি সোসাইটির নিরাপত্তারক্ষীরা জানান, রাত সাড়ে ১০টার পর ১০ থেকে ১২টি ছেলে এসে সুধা সদনে আগুন দেয়। আগুন ভবনটিতে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে আশপাশের ভবনের বাসিন্দারা এসে পানি দিয়ে নিচতলার আগুন কিছুটা কমিয়েছেন।দিবাগত রাত ১২টার সময় ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা গেছে।







