রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সেমি নিশ্চিত হওয়ার পর তরুণদের প্রশংসায় আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

শুরুতে এগিয়ে গেলেও পরে বিরাজ করছিল ২-২ সমতা। অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল ম্যাচ। কিন্তু যোগ হওয়া সময়ে পার্থক্য গড়ে দেন ২০ বছর বয়সী তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া। তাতে কোপা দেল রেতে লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তরুণ খেলোয়াড়রা পার্থক্য গড়ে দেওয়ায় তাদের প্রশংসায় ভাসিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। 

কোয়ার্টার ফাইনালে এদিন প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নেমেছিল রিয়াল। মূল দলের বেশ কয়েকজনকেই আনচেলত্তি বিশ্রাম দিয়েছেন। কারণ শনিবার লা লিগায় অ্যাতলেতিকোর বিপক্ষে ডার্বি ম্যাচ, তার পর চ্যাম্পিয়ন্স লিগ।

প্রথম সারির খেলোয়াড়রা না থাকলেও ম্যাচে পার্থক্য গড়েছেন তরুণ খেলোয়াড়রাই। আনচেলত্তি তাই প্রশংসায় ভাসাচ্ছেন তাদের, ‘তরুণরা যেভাবে আজ রাতে খেলেছে তাতে আমরা ভীষণ সন্তুষ্ট। তাদের ওপরও এখন ভরসা করা যাচ্ছে।’

আক্রমণে শুরুর একাদশে ১৮ বছর বয়সী এন্দ্রিকের সঙ্গে ছিলেন ১৯ বছর বয়সী আর্দা গুলের। তাদের সঙ্গে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পান ২০ বছর বয়সী জ্যাকব র‌্যামনসহ একাডেমির রাউল আসেনসিওকেও। কিন্তু ম্যাচের পার্থক্য গড়েছেন বদলি হয়ে নামা গার্সিয়া। সিনিয়র দলের হয়ে প্রথম গোলের স্বাদ পেয়েছেন তিনি। গার্সিয়াকে নিয়ে আনচেলত্তির কথা, ‘রিয়াল মাদ্রিদের রিজার্ভ টিমের হয়ে দারুণ ছন্দে আছে গার্সিয়া। এন্দ্রিকও গোল করেছে। তাদের জন্য দারুণ লাগছে।’ জয় নিয়ে বলেছেন, ‘ভাগ্য ভালো অতিরিক্ত সময় এড়াতে পেরেছি। নাহলে তাতে আরও মাশুল দিতে হতো।’


এই বিভাগের আরো খবর