সৌদির সঙ্গে মিল রেখে পুঠিয়ায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
শুক্রবার, ৬ জুন, ২০২৫
Share
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছে কয়েকটি পরিবার। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের চত্বরে একদল মুসল্লি ঈদের নামাজ পড়েন।নামাজের ইমামতি করেন মো. আনোয়ার। এ সময় মসজিদের ইমাম আবদুর রহিম গাজীসহ ৮ জন পুরুষ, ১ শিশু ও ২ নারীসহ মোট ১১ জন নামাজে অংশ নেন। নামাজ শেষে একটি গরু ও একটি ছাগল কোরবানি করা হয়।
মুসলিম জামে মসজিদের ইমাম আবদুর রহিম গাজী বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের সময়ের ব্যবধান তিন ঘণ্টা। তবে চন্দ্র মাস শুরু হয় একই দিনে। আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছি না, বরং চাঁদ দেখেই ঈদ উদযাপন করেছি।
নামাজের ইমাম মো. আনোয়ার বলেন,পুরো পৃথিবীর আকাশ একই, চাঁদও এক। আমরা প্রত্যেকে নিজ নিজ সময় অনুযায়ী ঈদ পালন করি। আমাদের কাছে আজ ঈদ পালনের শক্ত দলিল রয়েছে। যারা আগামীকাল ঈদ পালন করবেন, তাদের জন্যও দলিল আছে।
গত ঈদুল ফিতরের নামাজে এ মসজিদে ১৬ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ১৯ জন মুসল্লি উপস্থিত ছিলেন। এ বিষয়ে মুসল্লি গোলাম মোস্তফা বলেন, আমাদের এই মহল্লায় প্রায় ৩০টি পরিবার বসবাস করে। এর মধ্যে মাত্র পাঁচটি পরিবার ঈদের নামাজে অংশ নিয়েছে। বাকিরা আসেনি, তারা হয়তো মানে না বা বিশ্বাস করে না।