প্রথম ম্যাচ হারলেও আইপিএলে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তথা কেকেআর। রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
রাজস্থানের দ্বিতীয় হোম ভেন্যু গুয়াহাটিতে ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না কলকাতার। সুনীল নারাইন না থাকায় কুইন্টন ডি ককের সঙ্গে ওপেনিং করেছেন কলকাতার হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা মঈন আলী। ৫ রানের বেশি করতে পারেননি মঈন। তবে প্রান্ত আগলে দলকে জয়ের পথ দেখিয়েছেন মূলত ডি কক। বিস্ফোরক ব্যাটিংয়ে জয়ের মূল নায়ক তিনি। দলের ৪১ রানে মঈনের ফেরার পর অধিনায়ক আজিঙ্কা রাহানেকে নিয়ে ডি কক যোগ করেন ২৯ রান। রাহানের বিদায়ে (১৮) এই জুটি দ্রুত সময়ে ভাঙলে তার পর বাকি পথটা নির্বিঘ্নে পার করেন অঙ্গবৃশ রঘুবংশী ও ডি কক। ৪৪ বলে তাদের ৮৩ রানের জুটিতে ভর করেই ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে কলকাতা জয় নিশ্চিত করেছে। শুরু থেকে চড়াও হয়ে খেলা ডি কক ৬১ বলে খেলেছেন ৯৭ রানের অপরাজিত ইনিংস। তাতে ছিল ৮টি চার ও ৬টি ছয়ের মার। রঘুবংশী ১৭ বল ২ চারে অপরাজিত ছিলেন ২২ রানে। ম্যাচসেরা ডি কক-ই।