সেখান থেকে বেরিয়ে আব্দুল মইন খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, বিগত তিনটা নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কাদের দ্বারা হয়েছিল? যারা প্রশাসনে থেকে রাজনৈতিক ভূমিকা রেখেছিল। ১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবেন না। এই বিষয়ে আমরা সচেতন করেছি ইসিকে। বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে না পারেন সে বিষয়ে বলেছি।
মঈন খান বলেন, সাধারণ নির্বাচন একটি বিরাট কর্মযজ্ঞ। ৩০০ নির্বাচনি এলাকায় ৪২ হাজার কেন্দ্র আছে। সরকার থেকে তারা ধার করে নিয়ে আসে। ভোটে ১০ লাখ লোক দরকার, তারা কারা? এরা সিভিল, পুলিশ, বিচার বিভাগ থেকে আসেন। বিগত ১৫ বছর প্রশাসনকে রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছিল।
তিনি আরও বলেন, সাংবাদিক তাদের কাজ করবে। তারা যেন বিনা বাধায় কাজ করতে পারেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে এই অবস্থায় এসেছি। নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন একটা উদাহরণ সৃষ্টি করতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের দায়িত্ব।