বিএনপির সূত্র জানায়, গত সপ্তাহে কয়েক দফা সময় চাইলেও প্রধান উপদেষ্টা সম্মতি দেননি। অবশেষে গতকাল শুক্রবার কার্যালয় থেকে জানানো হয়েছে আজ বৈঠক হচ্ছে।
বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান।
প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার কারণে ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এ মাসের শেষ দিকে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের অবস্থান জানান দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াতে থাকে। এরপরপরই ‘প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা’ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমকে এমন কথা জানান জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। এ নিয়ে নানারকম গুঞ্জন ছড়ায়। বিএনপির সূত্র জানায়, মূলত সেনাপ্রধানের বক্তব্যের পর পরিস্থিতি জরুরি হয়ে উঠে।






